আরএসএস-বিজেপিকে রুখতে ত্রিমুখী লড়াইয়ের নির্দেশ মমতার
-
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
হিন্দুত্ববাদী আরএসএস-বিজেপি’র মোকাবিলা করতে দলীয় নেতাদের তিন দফা নির্দেশনা দিয়েছেন পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত সংসদ থেকে সড়ক পর্যন্ত ত্রিমুখী লড়াইয়ের নির্দেশ দিয়েছেন মমতা।
গতকাল (শনিবার) তৃণমূলের কোর কমিটির বৈঠকে রাজ্যে সংহতি-সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার আবেদন জানিয়ে আগামী ৩ থেকে ১১ নভেম্বর গোটা রাজ্যে প্রচারাভিযান চালানোর নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, ‘রাজ্য জুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংহতি নষ্ট করার চেষ্টা চলছে। সেই প্রচেষ্টাকে প্রতিহত করতে হবে।’
দলীয় সূত্রে প্রকাশ, তৃণমূলের প্রচারাভিযানে সাম্প্রদায়িকতা এবং আরএসএস-বিজেপি’র বিপদ সম্পর্কে মানুষকে সচেতন করা হবে। দ্বিতীয়ত, সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে ‘সাম্প্রদায়িকতা বৃদ্ধি’ ইস্যুতে বিজেপি সরকারের বিরুদ্ধে জোরালো আক্রমণ চালানো এবং তৃতীয়ত, দলের সিনিয়র সংসদ সদস্য অধ্যাপক সৌগত রায়ের নেতৃত্বে সাম্প্রদায়িকতার বিপদ, সিঙ্গুর আন্দোলন ইত্যাদি নিয়ে পুস্তিকা প্রকাশ করা হবে।
তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পশ্চিমবঙ্গের ঐতিহ্য হল ‘সাম্প্রদায়িক সম্প্রীতি’। তা প্রতিহত করার অপচেষ্টা চলছে। সেই অপচেষ্টা রুখে দিতে হবে। বাংলার চিন্তাশীল মানুষকে এই অপচেষ্টার বিরুদ্ধে সংঘবদ্ধ থাকতে হবে।’
তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকারের অবিচারের বিরুদ্ধে একটি পুস্তিকাও প্রকাশ করা হবে। সেই পুস্তিকা তৈরি করার জন্য দায়িত্ব দেয়া হয়েছে অধ্যাপক সৌগত রায়কে। তার নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে। সেই কমিটিতে মানস ভুঁইঞা, দীনেশ ত্রিবেদি, সুখেন্দুশেখর রায়, নির্বেদ রায়, সুলতান আহমেদ এবং মলয় ঘটক রয়েছেন।’
গণমাধ্যমে প্রকাশ, পশ্চিমবঙ্গে গত ৫ বছরে ব্যাপকভাবে আরএসএসের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এ সংক্রান্ত এক পরিসংখ্যানে প্রকাশ, ২০১১ সালের এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে সংগঠনটির মোট শাখা ছিল ৫৮০ টির মতো। এখন দক্ষিণবঙ্গেই কমপক্ষে ১২৫০ টি শাখা রয়েছে। গত পাঁচ বছরে উত্তরবঙ্গে প্রায় ৪৫০ টি শাখা সক্রিয় হয়েছে। এ ছাড়া ‘সাপ্তাহিক মিলন’ গড়ে উঠেছে প্রায় ৯০০ টি। মাসিক বৈঠক (সঙ্ঘমণ্ডলী) গড়ে উঠেছে প্রায় তিন হাজার।
আরএসএসের ‘সাপ্তাহিক মিলন’-এ তৃণমূলের কাউন্সিলর যোগ দিচ্ছেন এমন খবরও প্রকাশ্যে এসেছে। বিরোধী দল সিপিআই(এম)-এর অভিযোগ, রাজ্যে ক্রমাগত বেড়ে চলা হিন্দুত্ববাদী সংগঠনগুলোর প্রশ্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নরম মনোভাব নিয়েছেন।
পশ্চিমবঙ্গে কিছুদিনের মধ্যে কয়েকটি আসনে উপ-নির্বাচন হবে। এমতাবস্থায় তৃণমূল নেত্রীর মুখে আরএসএস-বিজেপি’র বিপদ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করতে দেখা গেল।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২২