কাশ্মির সীমান্তে পাকিস্তানি হামলায় বিএসএফ সদস্য নিহত, ভারতের পাল্টা গুলি
জম্মু-কাশ্মিরে ভারত-পাক সীমান্তে রাতভর পাকিস্তানি সেনাদের গুলি ও মর্টার হামলায় এক বিএসএফ জওয়ান নিহত এবং ৬ বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। নিহত বিএসএফ কনস্টেবলের নাম জিতেন্দ্র কুমার। আহতদের মধ্যে একই পরিবারের তিন সদস্য রয়েছেন। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমে প্রকাশ, পাকিস্তানের দিক থেকে ছোঁড়া মর্টার আর এস পুরা সেক্টরের আব্দুলিয়ানে একটি ঘরে আঘাত হানলে ৬ জন আহত হয়। বুধবার দিবাগত রাতভর গুলি চলে। পাক সেনাদের হামলার জবাবে ভারতীয় সেনারাও পাল্টা গুলি চালিয়েছে। উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলি চলার পর আজ (বৃহস্পতিবার) সকাল সোয়া ৬টার দিকে গুলিবর্ষণ বন্ধ হয়। পাক সেনাদের গুলিতে কমপক্ষে ১৪/১৫ টি বিএসএফের শিবির ক্ষতিগ্রস্ত হয়েছে।
গণমাধ্যমে প্রকাশ, বিএসএফের পাল্টা গুলিতে কমপক্ষে ৫/৬ টি পাক সেনা শিবির সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। মঙ্গলবার রাতে পাক বাহিনীর ফায়ারিংয়ের কবলে পড়ে বিএসএফের সহকারী উপ-পরিদর্শক এ কে উপাধ্যায় আহত হয়েছেন। তার মাথায় আঘাত লেগেছে।
উপর্যুপরি গুলি এবং মর্টার হামলার ফলে আব্দুলিয়ানে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এসব এলাকা থেকে মানুষজন অন্যত্র নিরাপদ স্থানে চলে গেছেন। কয়েকটি জায়গায় নিজেদের বাসায় তৈরি করা বাঙ্কারে আশ্রয় নিয়ে মানুষজন জীবন বাঁচানোর চেষ্টা করছেন। প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকার স্কুল বন্ধ করে দেয়া হয়েছে এবং মানুষজনকে নিরাপদ এলাকায় সরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২৭