কাশ্মির পরিস্থিতি স্বাভাবিক করতে মোদির সঙ্গে ফারুক আবদুল্লাহ'র বৈঠক
-
ফারুক আবদুল্লাহ ও নরেন্দ্র মোদি
কাশ্মিরে চলমান অশান্ত পরিস্থিতি অবসানের লক্ষ্যে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন ন্যাশনাল কনফারেন্সের চেয়ারম্যান ও সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ।
আজ (শুক্রবার) তিনি কাশ্মির উপত্যাকার পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় ফারুক আলোচনার টেবিলে বসতে ইচ্ছুক সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে দ্রুত সংলাপের ওপর জোর দেন, যাতে সেখানকার অচলাবস্থা দূর হয়।
বৈঠক শেষে ফারুক আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী তার কথা ধৈর্য ধরে শুনেছেন এবং তার পরামর্শকেও গুরুত্ব দিয়েছেন। আমার বিশ্বাস প্রধানমন্ত্রীর সামনে আমি এবং রাজ্য থেকে আসা অন্যরা যে ইস্যু উত্থাপন করেছেন তা তিনি অবিলম্বে সমাধান করবেন।’
কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘ন্যাশনাল কনফারেন্স এক গঠনমূলক বিরোধী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তিন মাসেরও বেশি সময় ধরে চলা অশান্তিতে ভোগা রাজ্যের মানুষদের জন্য আমাদের কিছু করার ইচ্ছা রয়েছে।’
ফারুক আবদুল্লাহ বলেন, ‘শিক্ষা ক্ষেত্র ক্ষতির শিকার হয়েছে। রাজ্যের অর্থনীতির মূল ভিত্তি পর্যটন শিল্পও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্তের কাছে বসবাসকারী মানুষজন সমস্যার সম্মুখীন হচ্ছেন। আমি এ সকল তথ্য বিবেচনা করতে এবং রাজ্যবাসীদের কিছুটা স্বস্তি দেয়ার জন্য চেষ্টা চালানোর জন্য অনুরোধ করেছি।’
ফারুক আবদুল্লাহ অবশ্য বৈঠক সম্পর্কে অন্য বিস্তারিত তথ্য জানাতে রাজি হননি।
তিনি বলেন, ওই বৈঠক আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয় এবং প্রধানমন্ত্রীও রাজ্যের পরিস্থিতি নিয়ে সমানভাবে উদ্বিগ্ন হয়েছেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২৮