কাশ্মিরে নিয়ন্ত্রণরেখা বরাবর আহত বিএসএফ জওয়ানের মৃত্যু
https://parstoday.ir/bn/news/india-i24274-কাশ্মিরে_নিয়ন্ত্রণরেখা_বরাবর_আহত_বিএসএফ_জওয়ানের_মৃত্যু
ভারত-পাক নিয়ন্ত্রণরেখার কাছাকাছি জম্মু-কাশ্মিরের মছিল সেক্টরে পাকিস্তানি সেনাদের গুলিতে নিতীন সুভাষ (২৮) নামে এক বিএসএফ জওয়ান নিহত হয়েছে। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর ওই জওয়ান গতকাল (শুক্রবার) রাতে পাক সেনাদের গুলিতে মারত্মকভাবে আহত হয়েছিলেন। আজ (শনিবার) সকালে তিনি মারা যান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৯, ২০১৬ ১২:৩৯ Asia/Dhaka
  • জম্মু-কাশ্মিরের মছিল সেক্টরে পাক সেনাদের গুলিতে এক বিএসএফ জওয়ান নিহত
    জম্মু-কাশ্মিরের মছিল সেক্টরে পাক সেনাদের গুলিতে এক বিএসএফ জওয়ান নিহত

ভারত-পাক নিয়ন্ত্রণরেখার কাছাকাছি জম্মু-কাশ্মিরের মছিল সেক্টরে পাকিস্তানি সেনাদের গুলিতে নিতীন সুভাষ (২৮) নামে এক বিএসএফ জওয়ান নিহত হয়েছে। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর ওই জওয়ান গতকাল (শুক্রবার) রাতে পাক সেনাদের গুলিতে মারত্মকভাবে আহত হয়েছিলেন। আজ (শনিবার) সকালে তিনি মারা যান।

মহারাষ্ট্রের সাংগলির দুধ গ্রামের বাসিন্দা নিতীন সুভাষ ২০০৮ সালে বিএসএফে যোগ দেন। তার ৪ বছর এবং ২ বছর বয়সী দুই সন্তান রয়েছে।    

শুক্রবার সন্ধ্যায় ভারতীয় সেনারা মছিল সেক্টরে গেরিলাদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়। কিন্তু সেসময় ওই অভিযানে গেরিলাদের গুলিতে শিখ রেজিমেন্টের  মনজিৎ সিংহ নামে এক ভারতীয় জওয়ান নিহত হয়। ওই ঘটনায় এক গেরিলাও নিহত হয়। অন্য গেরিলারা পাক অধিকৃত কাশ্মিরে পালিয়ে যাওয়ার সময় নিহত ভারতীয় জওয়ানের লাশ বিকৃত করে দেয় বলে অভিযোগ।

ভারতীয় সেনার নর্দান কমান্ডের পক্ষ থেকে ওই ঘটনার তীব্র নিন্দা করে এর বদলা নেয়া হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে। পাকিস্তানকে অভিযুক্ত করে এ ধরণের বর্বরতাকে কোনোভাবেই মেনে নেয়া হবে না বলে সেনাবাহিনী জানিয়েছে।   

সেনাবাহিনী সূত্রে খবর, বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে জানানো হয়েছে। এ ব্যাপারে পররাষ্ট্র সচিবের পক্ষ থেকে পাক হাই কমিশনারকে তলব করা হয়েছে।

আজ শনিবার পাকিস্তানি সেনারা জম্মু-কাশ্মিরের আন্তর্জাতিক সীমান্তে হীরানগর সেক্টর এবং আর এস পুরা সেক্টরে বেসামরিক এবং বিএসএফের ঠিকানা লক্ষ্য করে ভারী গুলিবর্ষণ করেছে।

পুলিশ সূত্রে প্রকাশ, সকাল ৬ টা নাগাদ পাক রেঞ্জার্সরা ভারী মর্টার হামলাসহ  স্বয়ংক্রিয় অস্ত্রের মাধ্যমে গুলিবর্ষণ করে। বিএসএফের পক্ষ থেকে কার্যকরভাবে পাল্টা গুলি চালিয়ে জবাব দেয়া শুরু হয়েছে। দু’টি সেক্টরেই উভয়পক্ষের মধ্যে গুলিবর্ষণ অব্যাহত রয়েছে।#

পার্সটুডে/জিএআর/এআর/২৯