কাশ্মিরে ৪ মাসে ১২০০ শিশুসহ আহত ৯ হাজার: সরকারি পরিসংখ্যান
https://parstoday.ir/bn/news/india-i25408-কাশ্মিরে_৪_মাসে_১২০০_শিশুসহ_আহত_৯_হাজার_সরকারি_পরিসংখ্যান
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে গত ৮ জুলাই হিজবুল মুজাহিদীন কমান্ডার বুরহান ওয়ানি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হওয়ার পর বিভিন্ন সহিংস ঘটনায় ১ হাজার ২৪৮ শিশুসহ ৯ হাজার ১০ জন আহত হয়েছে। আহত শিশুদের বয়স ১৫ বছরেরও কম।  
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ১১, ২০১৬ ১৩:৪৬ Asia/Dhaka
  • কাশ্মির পেলেট গানের আঘাতে আহত এক যুবক
    কাশ্মির পেলেট গানের আঘাতে আহত এক যুবক

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে গত ৮ জুলাই হিজবুল মুজাহিদীন কমান্ডার বুরহান ওয়ানি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হওয়ার পর বিভিন্ন সহিংস ঘটনায় ১ হাজার ২৪৮ শিশুসহ ৯ হাজার ১০ জন আহত হয়েছে। আহত শিশুদের বয়স ১৫ বছরেরও কম।  

কাশ্মিরে রাজ্য স্বাস্থ্য বিভাগে বিভিন্ন হাসপাতাল থেকে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, ৮ জুলাই থেকে ২ নভেম্বর পর্যন্ত আহতের সংখ্যা ৯০১০ জন। এদের মধ্যে পেলেট গানের ছররার আহত হয়েছে ৬২০৫ জন, গুলিতে আহত হয়েছে ৩৬৫ জন এবং ২৪৩৬ জন বিভিন্ন আঘাতে আহত হয়েছে। কিন্তু অন্য কী ধরণের আঘাতে ওই ২ হাজার ৪৩৬ জন আহত হয়েছে তা স্পষ্ট করা হয়নি। তবে, এক কর্মকর্তা বলেছেন, এসব লোকেরা পুলিশ ও নিরাপত্তা বাহিনীর পিটুনিতে আহত হয়েছে।  

সরকারি তথ্যে এটাও স্পষ্ট হয়নি যে, চোখে ছররা গুলির আঘাতে কত মানুষ আহত হয়েছে। কর্মকর্তা সূত্রে প্রকাশ, শ্রীনগরে ৩ প্রধান হাসপাতালে এমন ১৩০০ জনকে পাওয়া গেছে, যাদের চোখে ছররার আঘাত লেগেছে। ছররায় আহতদের অধিকাংশই যুবক। পেলেট গানের আঘাতে কিছু যুবক সম্পূর্ণ অন্ধ এবং অনেকের এক চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে। আহতদের মধ্যে ১২ বছরের নীচে ২৪৩ টি শিশু এবং ১২/১৫ বছর বয়্সী ১০০৫ টি শিশু রয়েছে।

কাশ্মিরে পেলেট গানের গুলিতে আহত কয়েকজন

পরিসংখ্যানে প্রকাশ, আহত হওয়া শিশুদের সংখ্যা সবচেয়ে কম মধ্য কাশ্মিরে। সবচেয়ে বেশি আহত হয়েছে পুলওয়ামাতে, এখানে ১৫৭১ জন সরকারি হাসপাতালে ভর্তি আছে। এছাড়া অনন্তনাগ জেলায় ১৪১৭, কুলগামে ১৩৯১, সোপিয়ানে ১০০২, বারামুল্লাতে ১২৮৭, বান্দিপোরাতে ৭৫৬ এবং কুপওয়াড়াতে ৯৮৯ জন আহত হয়েছে।  

হিজবুল মুজাহিদীন কমান্ডার বুরহান ওয়ানিকে নিরাপত্তা বাহিনী গুলি করে হত্যা করার প্রতিবাদে গত ৪ মাস ধরে সেখানকার মানুষজন প্রতিবাদ আন্দোলনে ফেটে পড়েছে। বিভিন্ন সময়ে ক্ষুব্ধ জনতাকে নিয়ন্ত্রণ করতে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে পেলেট গানের ছররা গুলি ছোঁড়া হলে বহু প্রতিবাদি জনতা হতাহত হয়।  

সরকারি রিপোর্টে আহতের ওই পরিসংখ্যান প্রকাশ্যে এলেও বেসরকারি রিপোর্টে এই সংখ্যা আরো অনেক বেশি বলে ওয়াকিবহাল মহল মনে করছেন। স্থানীয় গণমাধ্যম সূত্রে প্রকাশ, নিরাপত্তা বাহিনীর পদক্ষেপে এ পর্যন্ত কমপক্ষে ৯৬ জন নিহত এবং ১৫ হাজার ৫০০ জন আহত হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১২