জম্মু-কাশ্মির সীমান্তে পাকিস্তানি সেনাদের গুলিতে নিহত ১ ভারতীয় জওয়ান
https://parstoday.ir/bn/news/india-i25522-জম্মু_কাশ্মির_সীমান্তে_পাকিস্তানি_সেনাদের_গুলিতে_নিহত_১_ভারতীয়_জওয়ান
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের কুপওয়াড়া জেলার কেরান সেক্টরে পাক সেনাদের গুলিতে আজ এক ভারতীয় জওয়ান নিহত হয়েছে। পুলিশের এক কর্মকর্তা বলেন, আজ (শনিবার) কেরান সেক্টরে পাকিস্তানি সেনারা গুলি চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করলে হর্শিদ ভদোরিয়া(২৩) নামে এক জওয়ান নিহত হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১২, ২০১৬ ১৬:৩১ Asia/Dhaka
  • হর্শিদ ভদোরিয়া
    হর্শিদ ভদোরিয়া

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের কুপওয়াড়া জেলার কেরান সেক্টরে পাক সেনাদের গুলিতে আজ এক ভারতীয় জওয়ান নিহত হয়েছে। পুলিশের এক কর্মকর্তা বলেন, আজ (শনিবার) কেরান সেক্টরে পাকিস্তানি সেনারা গুলি চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করলে হর্শিদ ভদোরিয়া(২৩) নামে এক জওয়ান নিহত হয়।

একটি সূত্রে প্রকাশ, আজ পাকিস্তানি সেনারা গুলি চালালে ভারতীয় সেনারাও এর পাল্টা জবাব দেয়। পাক সেনারা শুক্রবার সন্ধ্যায়ও গুলি চালিয়েছিল।

পাক সেনাদের গুলিতে নিহত হর্শিদ ভদোরিয়া উত্তর প্রদেশের আগ্রার বাসিন্দা ছিলেন। বিএসএফের ১৮৫১ রেজিমেন্টের জওয়ান হর্শিদ কেরান সেক্টরে মোতায়েন ছিলেন। তিনি মর্টার চালানোয় দক্ষ ছিলেন। আজ পাক সেনাদের গুলি তার ঘাড়ে আঘাত  করলে তিনি নিহত হন। তার লাশ রোববার আগ্রার বাসভবনে নিয়ে যাওয়া হবে। পাঠানকোটে প্রশিক্ষণ শেষে হর্শিদকে মাত্র এক মাস আগে জম্মু-কাশ্মিরের কুপওয়াড়াতে মোতায়েন করা হয়। 

গতকাল (শুক্রবার) কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ অহির জম্মুর গেস্ট হাউসে সংবাদ সম্মেলনে বলেছিলেন,‘সীমান্তে নিরাপত্তা বাহিনী যথেষ্ট শক্তিশালী অবস্থায় আছে এবং পাকিস্তানকে কঠোর জবাব দেয়া হচ্ছে। ওখান থেকে একটি গুলি চালানো হলে এখান থেকে অনেক গুলি চালানো হচ্ছে।’‘পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘনের মাধ্যমে ভারতে সন্ত্রাসীদের অনুপ্রবেশ করানোর চেষ্টা করছে’ বলেও হংসরাজ অহির মন্তব্য করেন। এরপর আজই পাকিস্তানি সেনার গুলিতে এক ভারতীয় জওয়ান নিহত হওয়ার কথা প্রকাশ্যে এল।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/১২