সন্ত্রাস নয়, ভারত-পাকিস্তান বিবাদের মূলে কাশ্মির: আবদুল বাসিত
-
ভারতে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার আবদুল বসিত
সন্ত্রাসবাদ নয়, কাশ্মির সমস্যাই ভারত ও পাকিস্তানের মধ্যে বিবাদের মূল কারণ বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার আবদুল বাসিত। গতকাল (সোমবার) উত্তর প্রদেশের রাজধানী লক্ষনৌতে এক অনুষ্ঠানে তিনি ওই মন্তব্য করেন।
আবদুল বাসিত বলেন, ‘অনেকেই বলে থাকেন, ভারত-পাকিস্তান দ্বন্দ্বের মূলে রয়েছে সন্ত্রাসবাদ। কিন্তু আসলে তা নয়। যদি সন্ত্রাসবাদ সংঘাতের কারণ হতো তাহলে ভারত ও পাকিস্তানের মধ্যে ৪টি যুদ্ধ হতো না। ঈমানদারির সঙ্গে ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক নিয়ে খোঁজ নিলে দেখা যাবে এটা কোনো গোপনীয় বিষয় নয় যে, ১৯৪৭ সাল থেকে শুরু করে আমরা কমপক্ষে ৪টি যুদ্ধ লড়েছি।’
আবদুল বাসিত বলেন, ‘দুই দেশের মধ্যে ১৯৪৭/৪৮, ১৯৬৫, ১৯৭১ এবং ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধ হয়েছে। ওইসব যুদ্ধ ২০০৭ সালে সমঝোতা এক্সপ্রেস বিস্ফোরণ, ২০০৮ সালে মুম্বাই হামলা অথবা পাঠানকোট হামলার আগে হয়েছে।’
তিনি বলেন, ‘এটা বুঝতে হবে যে, বিরোধের কারণ কাশ্মির, এটা রাজনৈতিক ইস্যু। এর সমাধান সংলাপের মাধ্যমেই হতে পারে, যুদ্ধ কোনো সমাধান নয়। যুদ্ধ যদি সমাধান হতো তাহলে আগেই তা হয়ে যেত।’
সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাক হাই কমিশনার আবদুল বাসিত বলেন, ‘পাকিস্তান সন্ত্রাসবাদের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সন্ত্রাসের কারণে গত ১৫ বছরে পাকিস্তানের ১২০ বিলিয়ন ডলার ক্ষতি হওয়ার পাশাপাশি ৭০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।’
বাসিত বলেন, ‘আমাদের একে অন্যের বিরুদ্ধে দোষারোপের রাস্তা থেকে বেরোনোর পথ খোঁজা উচিত। এভাবে আলোচনা এগোতে পারে না।’ ভারত ও পাকিস্তানের মধ্যে পারস্পারিক রেষারেষির জন্য দক্ষিণ এশিয়ার উন্নয়ন প্রভাবিত হচ্ছে বলেও পাক হাই কমিশনার আবদুল বাসিত মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১৫