কাশ্মিরে গেরিলাদের সঙ্গে সংঘর্ষে পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের সদস্য নিহত
-
ভারতীয় পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের দুই সদস্য
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে গেরিলাদের সঙ্গে সংঘর্ষে পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের এক সদস্য নিহত হয়েছে। নিহত ওই পুলিশ কনস্টেবলের নাম মুহাম্মদ শফি। আজ (বুধবার) উত্তর কাশ্মিরের সোপোরে মারোয়ালের জঙ্গলে গেরিলাদের সঙ্গে সংঘর্ষে ওই জওয়ান নিহত হয়।
নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে গেরিলাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। গেরিলারা সংশ্লিষ্ট এলাকার জঙ্গলের মধ্যে লুকিয়ে রয়েছে বলে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে। হামলাকারী গেরিলারা সংখ্যায় কত জন ছিল সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ্যে আসেনি।
গত ৯ নভেম্বর সোপোরে গেরিলাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তুমুল সংঘর্ষ হয়। ওইসময় পুলিশের এক জওয়ানসহ দুই গেরিলা বন্দুকযুদ্ধে নিহত হয়েছিল। এবার সেই সোপোরেই পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের এক জওয়ান নিহত হলেন।
গতকাল (মঙ্গলবার) নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকা পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল দলবীর সিং সুহাগ। তিনি জওয়ানদের মনোবল বাড়াতে সীমান্তে তাদের সতর্ক এবং আক্রমণাত্মক অবস্থায় থাকার নির্দেশ দেন। জেনারেল সুহাগ যেকোনো প্রতিকূল অবস্থার মোকাবিলা করার কথাও বলেন।
জম্মু-কাশ্মিরে ভারত-পাক সীমান্ত বরাবর বর্তমানে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সেনাবাহিনীর এক সিনিয়র কর্মকর্তা বলেন, সেনাবাহিনীর প্রধান নর্দান কম্যান্ডের উধমপুরে পৌঁছে সেখানে জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করেন।
এরপরে আজই গেরিলাদের সঙ্গে সংঘর্ষে পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের এক জওয়ান নিহত হওয়ার ঘটনা প্রকাশ্যে এল।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১৬