কাশ্মির ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ নয়: ফারুক আবদুল্লাহ
https://parstoday.ir/bn/news/india-i25954-কাশ্মির_ভারতের_অবিচ্ছেদ্য_অঙ্গ_নয়_ফারুক_আবদুল্লাহ
জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স দলের সভাপতি ফারুক আবদুল্লাহ বলেছেন, ‘কাশ্মির ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ নয়।’ গতকাল (বুধবার) দলীয় সদর দফতর নওয়াই সুভতে এক সংবাদ সম্মেলনে তিনি ওই মন্তব্য করেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ১৭, ২০১৬ ০৯:২১ Asia/Dhaka
  • ন্যাশনাল কনফারেন্স দলের সভাপতি ফারুক আবদুল্লাহ
    ন্যাশনাল কনফারেন্স দলের সভাপতি ফারুক আবদুল্লাহ

জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স দলের সভাপতি ফারুক আবদুল্লাহ বলেছেন, ‘কাশ্মির ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ নয়।’ গতকাল (বুধবার) দলীয় সদর দফতর নওয়াই সুভতে এক সংবাদ সম্মেলনে তিনি ওই মন্তব্য করেন।

আজ (বৃহস্পতিবার) গণমাধ্যমে প্রকাশ, ফারুক আবদুল্লাহ কার্যত হুররিয়াত কনফারেন্সের একাংশের চেয়ারম্যান সাইয়্যেদ আলী শাহ গিলানির সুরে সুর মিলিয়ে বলেছেন, ‘কাশ্মির কখনো ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল না এবং কখনো হবেও না।’

ফারুক আবুদুল্লাহ বলেন, ‘নয়া দিল্লি কাশ্মিরিদের কখনো বিশ্বাস করেনি এবং কাশ্মির সমস্যা কখনো গ্রহণ করেনি। যেভাবে নয়াদিল্লি কাশ্মিরের পূর্ণ বাস্তব পরিস্থিতি সম্পর্কে জানে না, সেভাবে এখানকার যেসব মানুষ আজাদির স্লোগান দিচ্ছে, তারাও জানে না আজাদি আসলে কী। আমাদের তরুণ প্রজন্ম ভালোভাবে জানে দিল্লি কাশ্মিরের সঙ্গে কী করেছে, এজন্য আজ তারা আজাদির জন্য সড়কে নেমেছে।’

ফারুক বলেন, ‘২০০০ সালে রাজ্য বিধানসভায় সর্বসম্মতিক্রমে রাজ্যে ১৯৫৩ সালের আগের সাংবিধানিক অবস্থা পুনর্বহালের দাবিতে প্রস্তাব পাস করা হয়েছিল কিন্তু ওই প্রস্তাবের সঙ্গে দিল্লি কী আচরণ করেছে তা বলার প্রয়োজন নেই।’

ফারুক আবদুল্লাহ বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কোনো শত্রুতা নেই কিন্তু আমি তাদের বিরোধী কারণ, প্রধানমন্ত্রী এবং তার দল ৩৭০ ধারা শেষ করে দিতে চান যাতে কাশ্মির ভারতের সঙ্গে সম্পূর্ণ একীভূত হয়ে যায়। কিন্তু ন্যাশনাল কনফারেন্স থাকাকালীন তা সম্ভব নয়। আমরা কাউকে নিজেদের অধিকার নিয়ে খেলা করা বা তা কেড়ে নেয়ার সুযোগ দেব না।’

হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস প্রধান মোহন ভাগবতের বিবৃতি উল্লেখ করে ফারুক আবদুল্লাহ বলেন, তিনি রাষ্ট্রীয় সংবিধান বিরোধী কথা বলেছেন এজন্য তার বিরুদ্ধে পদক্ষেপ নেয়া উচিত। সংবিধান মোতাবেক ভারত একটি হিন্দু রাষ্ট্র নয় বরং এক সেক্যুলার রাষ্ট্র। যদি তিনি একে ‘হিন্দু রাষ্ট্র’ বলেন, তাহলে তা সংবিধান বিরোধী। কেন্দ্রীয় সরকারকে তার বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত। যদি ভাগবত ভারতকে ‘হিন্দু রাষ্ট্র’ বলে অভিহিত করতে থাকেন, তাহলে আমি তাকে বলব, কাশ্মির ওই ভারতের অঙ্গ থাকবে না। কাশ্মির তো সেই ভারতের সঙ্গে রয়েছে যেখানে সকল ধর্ম সমান। সকল কেন্দ্রীয় নেতা এবং জাতীয় দলকে আরএসএস নেতার বিবৃতির বিরোধিতা করা উচিত।’

ফারুক বলেন, ‘যতদিন ভারতে সংবিধানের ভিত্তিতে সকল ধর্মের সমতা ও সম্মান থাকবে ততদিন এটি মজবুত থাকবে। যখন ওই অধিকার হনন করা হবে তখন এখানে এমন তুফান আসবে, যা কারো নিয়ন্ত্রণে থাকবে না।’

‘আমরা শান্তি নিয়ে উদ্বিগ্ন। ভারত এবং পাকিস্তানকে কাশ্মির ইস্যুতে অবশ্যই আলোচনায় বসতে হবে এবং এটাই দীর্ঘ দিনের ঝুলে থাকা সমস্যা সমাধানের উপায়’ বলেও ফারুক আবদুল্লাহ মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৭