কাশ্মিরে পাক সেনাদের গুলিতে বিএসএফের হেড কনস্টেবল নিহত, আহত ৩
-
বিএসএফের হেড কনস্টেবল রাই সিং
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিবর্ষণে বিএসফের এক সদস্য নিহত এবং অপর তিনজন আহত হয়েছেন। রাই সিং (৪০) নামে নিহত ওই জওয়ান বিএসএফের হেড কনস্টেবল ছিলেন। হরিয়ানার রোহতকের বাসিন্দা রাই সিংয়ের নিহত হওয়ার খবর প্রকাশ্যে আসার পরে তার পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
গতকাল (রোববার) রাতে রাজৌরি সেক্টরে পাকিস্তান এবং ভারতের জওয়ানদের মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণের সময় ওই হতাহতের ঘটনা ঘটে। ২৪ ঘণ্টার মধ্যে পাক সেনাবাহিনী ৩ দফায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ।
সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন, ‘পাকিস্তানি সেনারা রাজৌরি সেক্টরে ভারী গুলিবর্ষণ করেছে এবং ভারতীয় সেনারা এর পাল্টা জোরালো জবাব দিয়েছে।’
ভারতীয় গণমাধ্যমে প্রকাশ, পাকিস্তানি সেনারা গত শনিবারও নিয়ন্ত্রণরেখা বরাবর নৌসেরা এবং সুন্দরবনি সেক্টরে ভারতীয় সেনা শিবির ও বেসামরিক এলাকা লক্ষ্য করে মর্টার এবং ছোট অস্ত্রের মাধ্যমে গোলাগুলি চালালে বিএসএফের এক সদস্য ও এক বেসামরিক মহিলা আহত হয়। এছাড়া দুটি ঘর ক্ষতিগ্রস্ত হয়।
গত ২৯ সেপ্টেম্বর পাক অধিকৃত কাশ্মিরে ভারতীয় সেনারা সার্জিক্যাল স্ট্রাইক চালানোর পরে পাকিস্তানের পক্ষ থেকে নিয়ন্ত্রণরেখা এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর ২৮৬ বার গুলি চালানোর ঘটনা ঘটেছে। এ সব ঘটনায় ১৪ নিরাপত্তা কর্মীসহ ২৬ জন নিহত হয়েছে। #
পার্সটুডে/এমএএইচ/এআর/২১