মানবতার ভিত্তিতে কাশ্মিরে শান্তি ফেরানোর চেষ্টা করতে হবে: রবিশঙ্কর
https://parstoday.ir/bn/news/india-i26614-মানবতার_ভিত্তিতে_কাশ্মিরে_শান্তি_ফেরানোর_চেষ্টা_করতে_হবে_রবিশঙ্কর
ভারতে আর্ট অব লিভিংয়ের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন, ‘মানবতার ভিত্তিতে কাশ্মিরে শান্তি ফেরানোর চেষ্টা করতে হবে যাতে পুনরায় স্বর্গোদ্যান তৈরি হয়। রাজনীতির ঊর্ধ্বে উঠে স্থায়ীভাবে শান্তি পুনঃস্থাপনের জন্য সকলকে একসঙ্গে আসতে হবে।’
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ২৪, ২০১৬ ১৩:৩৯ Asia/Dhaka
  • আর্ট অব লিভিংয়ের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবিশঙ্কর
    আর্ট অব লিভিংয়ের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবিশঙ্কর

ভারতে আর্ট অব লিভিংয়ের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন, ‘মানবতার ভিত্তিতে কাশ্মিরে শান্তি ফেরানোর চেষ্টা করতে হবে যাতে পুনরায় স্বর্গোদ্যান তৈরি হয়। রাজনীতির ঊর্ধ্বে উঠে স্থায়ীভাবে শান্তি পুনঃস্থাপনের জন্য সকলকে একসঙ্গে আসতে হবে।’

‘কাশ্মির : ব্যাক টু প্যারাডাইস’ শীর্ষক আলোচনা সভায় গতকাল বুধবার জম্মুতে তিনি ওই মন্তব্য করেন।    

কাশ্মির সমস্যা সমাধানের জন্য তিনি ‘সাউথ এশিয়া ফোরাম ফর পিস’ গঠনের ঘোষণা দিয়ে বলেন, ‘ভারত বহু শতাব্দী ধরে গোটা বিশ্বকে পরিবারের মতো মনে করে। যদি পরিবারের কোনো সদস্যের কষ্ট হয় তাহলে হাত গুটিয়ে বসে থাকা যায় না।’

তিনি বলেন, ‘কাশ্মির সমস্যার সমাধান বন্দুক, পাথর ছোঁড়া ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে হবে না বরং এজন্য সকলকে আলোচনার জন্য এগিয়ে আসা উচিত।’  

কাশ্মির সমস্যার সমাধান কাশ্মিরিদের মাধ্যমেই হবে, বাইরের লোকের মাধ্যমে তা হবে না বলে রবিশঙ্কর মন্তব্য করেন।

তিনি বলেন, ‘দক্ষিণ এশিয়ার দেশ যদি এক হয়ে যায় তাহলে দরিদ্রতা শেষ হয়ে যাবে। আমাদের সংগ্রাম দরিদ্রতা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে হওয়া উচিত। সন্ত্রাসবাদ মানবতা, দেশের প্রগতি এবং সুফিবাদের বিরোধী। সিরিয়া, ইরাক, আফগানিস্তান এবং পাকিস্তান আজ সন্ত্রাসবাদের মোকাবিলা করছে।’

রবিশঙ্কর বলেন, ‘কাশ্মির মুনি-ঋষি ও সুফি-সন্তদের জমিন কিন্তু আজ আমরা অসহায়। স্কুল পোড়ানো হচ্ছে, হরতাল ও কারফিউয়ের মধ্যে সাধারণ মানুষ বন্দি হয়ে রয়েছে।’ তিনি বলেন, ‘মানুষ বন্দুকের ভয়ে নিজেদের কথা বলতে পারছে না এজন্য এক মঞ্চ গঠন করা হয়েছে।’ ওই মঞ্চ কোন রাজনৈতিক মঞ্চ নয়, কোনো এজেন্সি বা সরকারের মঞ্চ নয় বলেও মন্তব্য করেন শ্রী শ্রী রবিশঙ্কর।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৪