জম্মু-কাশ্মিরের বান্দিপুরায় সংঘর্ষ: ১ সেনা ও ২ গেরিলা নিহত
-
ভারতের সেনাবাহিনী (ফাইল ফটো)
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের বান্দিপুরায় এক সংঘর্ষে সেনাবাহিনীর এক সদস্য ও দুই গেরিলা নিহত হয়েছে। কয়েকজন গেরিলা বান্দিপুরা জেলার নাইদকই গ্রামে আবাসিক এলাকায় লুকিয়ে রয়েছে গোপন সূত্রে এমন খবর পাওয়ার পরে আজ (শুক্রবার) সকালে পুলিশ ও সেনাবাহিনীর পক্ষ থেকে যৌথ অভিযান চালানো হয়। এ সময় দু’পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ফলে ওই হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুটি একে-৪৭ রাইফেল এবং অন্য অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে।
এদিকে, আজ নিরাপত্তাবাহিনীর পক্ষ থেকে উত্তর কাশ্মিরের সোপোর এলাকায় সন্ত্রাসবিরোধী এক অভিযান শুরু হয়েছে। গেরিলারা ওই এলাকায় লুকিয়ে রয়েছে এমন খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী এবং সিআরপিএফের যৌথ বাহিনী তল্লাশি শুরু করলে সংঘর্ষ শুরু হয়।
একটি সূত্রে প্রকাশ, সেখানে ২২ রাষ্ট্রীয় রাইফেলস এবং স্পেশাল অপারেশন গ্রুপের জওয়ানরা যৌথ অভিযান চালালে গেরিলারা গুলিবর্ষণ শুরু করে। সেনা সূত্রে প্রকাশ, ওই এলাকায় দুই জনের বেশি গেরিলা লুকিয়ে থাকতে পারে।
অন্যদিকে, গতকাল বৃহস্পতিবার রাতে কুপওয়াড়া জেলার একটি থানা লক্ষ্য করে গেরিলারা গুলি চালায়। পুলিশের পক্ষ থেকে পাল্টা গুলি চালিয়ে জবাব দেয়া হয়। যদিও কোনো পক্ষেই ক্ষয়ক্ষতির খবর নেই। এ সময় গেরিলারা নিরাপদে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। #
পার্সটুডে/এমএএইচ/এআর/২৫