কাশ্মির সমস্যার সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় শান্তি আসতে পারে না: বাসিত
https://parstoday.ir/bn/news/india-i27505-কাশ্মির_সমস্যার_সমাধান_ছাড়া_দক্ষিণ_এশিয়ায়_শান্তি_আসতে_পারে_না_বাসিত
ভারতে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার আব্দুল বাসিত বলেছেন, ‘কাশ্মির সমস্যার সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় শান্তি আসতে পারে না। কাশ্মিরিদের ইচ্ছা অনুসারে কাশ্মির ইস্যু সমাধান করা উচিত। এলাকায় শান্তি স্থাপনের জন্য কাশ্মির ইস্যু নিষ্পত্তি হওয়া প্রয়োজন।’
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ডিসেম্বর ০৫, ২০১৬ ০৮:১০ Asia/Dhaka
  • ভারতে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার আব্দুল বাসিত
    ভারতে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার আব্দুল বাসিত

ভারতে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার আব্দুল বাসিত বলেছেন, ‘কাশ্মির সমস্যার সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় শান্তি আসতে পারে না। কাশ্মিরিদের ইচ্ছা অনুসারে কাশ্মির ইস্যু সমাধান করা উচিত। এলাকায় শান্তি স্থাপনের জন্য কাশ্মির ইস্যু নিষ্পত্তি হওয়া প্রয়োজন।’

গতকাল (রোববার) ভারতের অমৃতসরে ‘হার্ট অব এশিয়া’ সম্মেলনের অবসরে তিনি ওই মন্তব্য করেন। আব্দুল বাসিত বলেন, ‘হার্ট অব এশিয়া’র ষষ্ঠ মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিতে আসা পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পররাষ্ট্র বিষয়ক পরামর্শদাতা সারতাজ আজিজের সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে কোনো বৈঠক হয়নি।’

তিনি বলেন, পাকিস্তানের জন্য আফগানিস্তান গুরুত্বপূর্ণ দেশ, এ নিয়ে তারা তিন দশক ধরে কুরবানি করেছেন সে জন্য হার্ট অব এশিয়া সম্মেলনে পাকিস্তান অংশ গ্রহণ করেছে।

আব্দুল বাসিত মনে করেন বর্তমান সময়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক সমস্যার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। তিনি বলেন, ‘পাকিস্তান সংলাপে ভয় পায় না।’ ‘হার্ট অব এশিয়া’ সম্মেলনকে সদর্থক পদক্ষেপ বলে অভিহিত করে সন্ত্রাসবাদকে শেষ করার জন্য সব দেশকে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন বলেও মন্তব্য করেন বাসিত।

গত সোমবার ভারতীয় এক বেসরকারি টিভি চ্যানেলে দেয়া বিশেষ সাক্ষাৎকারে আব্দুল বাসিত বলেন, তার দেশ ভারতের সঙ্গে বিনা শর্তে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। যদি ভারত চায় তাহলে হার্ট অব এশিয়া সম্মেলনে পাকিস্তান সংলাপের জন্য তৈরি আছে।

বাসিত বলেন, ‘শান্তির জন্য সংলাপে বসা খুবই প্রয়োজন। পাকিস্তান সব সময় ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চায়।’

তিনি বলেন, ‘দেখতে হবে আমাদের সম্পর্ক কেন ভালো নয়। আপনারা বলছেন সন্ত্রাসবাদ ইস্যুর কথা। আসলে সন্ত্রাসবাদ এক জিনিষ কিন্তু মৌলিক ইস্যু হল কাশ্মির সমস্যা।’

বাসিত বলেন, আমরা কখনো বলিনি যে শুধু কাশ্মির ইস্যু নিয়ে কথা বলব। আমরা সন্ত্রাসবাদ এবং কাশ্মির সমস্যার নিষ্পত্তিতে পৌঁছানো পর্যন্ত সব ইস্যু নিয়ে আলোচনা করতে চাই।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৫