কাশ্মিরে সেনাবাহিনীর লেফটেন্যান্টের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, মন্ত্রীর নিন্দা
https://parstoday.ir/bn/news/india-i37622-কাশ্মিরে_সেনাবাহিনীর_লেফটেন্যান্টের_গুলিবিদ্ধ_লাশ_উদ্ধার_মন্ত্রীর_নিন্দা
জম্মু-কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ উদ্ধারে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া ওই মরদেহ সেনাবাহিনীর লেফটেন্যান্ট ওমর ফৈয়াজের বলে পুলিশ শনাক্ত করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির ওই ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে। 
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মে ১০, ২০১৭ ০৭:৩১ Asia/Dhaka
  • লেফটেন্যান্ট ওমর ফৈয়াজ
    লেফটেন্যান্ট ওমর ফৈয়াজ

জম্মু-কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ উদ্ধারে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া ওই মরদেহ সেনাবাহিনীর লেফটেন্যান্ট ওমর ফৈয়াজের বলে পুলিশ শনাক্ত করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির ওই ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে। 

আজ (বুধবার) গণমাধ্যমে প্রকাশ, মঙ্গলবার রাতে লেফটেন্যান্ট ফৈয়াজকে গেরিলারা অপহরণ করেছিল। আজ সকালে সোপিয়ান জেলার হারমেইন চক থেকে তার লাশ উদ্ধার হয়। কাশ্মিরের কুলগামের ইয়ারিপোরার বাসিন্দা ওমরের শরীরে গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে। 

ভারতীয় সেনাবাহিনীর রাজপুতনা রাইফেলসের জওয়ান ওমর ফৈয়াজ আখনূরে কর্মরত ছিলেন। সেনাবাহিনীতে তিনি চিকিৎসক ছিলেন। গতবছর ডিসেম্বরে তিনি সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। নিজ এলাকায় তিনি তরুণদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। আশেপাশের যেকোনো অনুষ্ঠানের আমন্ত্রণ পেলে তিনি সেখানে উপস্থিত হতেন।

একটি সূত্রে প্রকাশ, ছুটিতে থাকা লেফটেন্যন্ট ওমর ফৈয়াজ বাটপোরা গ্রামে তার এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়ে অপহৃত হন। পুলিশ কর্মকর্তারা ওমর ফৈয়াজের আত্মীয়স্বজনদের জিজ্ঞাসাবাদ করছেন। সেনাবাহিনীকেও বিষয়টি জানানো হয়েছে। পুলিশ বলছে, বিয়ের অনুষ্ঠানে আসা অতিথিদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে এবং ওই অনুষ্ঠানের ভিডিওচিত্র খতিয়ে দেখা হবে।

পুলিশের তদন্ত শুরু হলেও কারা ওই সেনাকর্মকর্তাকে অপহরণ করেছিল, কারাই বা তাকে হত্যা করল সেসব নিয়ে তদন্তকারী কর্মকর্তারা এখনো ধোঁয়াশায় রয়েছেন।

জম্মু-কাশ্মিরে সম্প্রতি ভারতীয় সেনা জওয়ানদের উপরে হামলার ঘটনা বেড়ে চলায় প্রায় প্রত্যেকদিনই হতাহতের ঘটনা ঘটছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১০