কোলকাতায় বামফ্রন্টের নবান্ন অভিযানে পুলিশের লাঠি, কাঁদানে গ্যাস
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় বামফ্রন্টের ডাকে রাজ্য সচিবালয় ‘নবান্ন’ অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ (সোমবার) দুপুরের ওই ঘটনায় বিক্ষোভকারী জনতা ও পুলিশের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন সদস্য আহত হন।
আজ নির্দিষ্ট সময়ের আগেই সিপিএম নেতা ও বিধায়ক সুজন চক্রবর্তীসহ পাঁচ বাম বিধায়ক জোর করে নবান্নে ঢোকার চেষ্টা করায় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয় এবং পুলিস ৫ বিধায়ককে আটক করে।
দুর্নীতিতে অভিযুক্ত নেতা-মন্ত্রীদের ইস্তফার পাশাপাশি কৃষকের ফসলের ন্যায্যমূল্যসহ ১৮ দফা দাবিতে বামফ্রন্টের পক্ষ থেকে নবান্ন অভিযানের ডাক দেয়া হয়।

আজ কোলকাতার হেস্টিংস মোড়ে পুলিশের দেয়া দু’টি ব্যারিকেড ভাঙেন বাম কর্মীরা। বাঁশ দিয়ে অন্য লোহার ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ এ সময় লাঠি চালায়।
বিক্ষোভকারী জনতা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করলে পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা চালায়।
আজ সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, নবান্ন অভিযান করতে গিয়ে তাদের আড়াইশ’র বেশি কর্মী আহত এবং এদের মধ্যে ১০০ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। যেভাবে নারীদের উপরে পুরুষ পুলিশরা দুর্ব্যবহার করেছে তা সকলেই দেখেছেন। এর তদন্ত করে দোষী পুলিশকর্মীদের শাস্তিসহ সরকারকে এজন্য ক্ষমা চাইতে হবে।

সিপিএমের রাজ্য সম্পাদক ও সাবেক মন্ত্রী সূর্যকান্ত মিশ্র বলেছেন, পুলিশের লাঠি চালানোর প্রতিবাদে আগামীকালও পথে নেমে মিছিল করা হবে। পুলিশ বিনা প্ররোচনায় লাঠি চালানোসহ ও কাঁদানে গ্যাস ছুঁড়েছে বলে তিনি দাবি করেন।
এদিকে, রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের মহাসচিব ও মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নবান্ন অভিযানকে কটাক্ষ করে বলেছেন, ওরা নিজেদের গদি বাঁচানোর এবং অস্তিত্ব রক্ষার স্বার্থে লড়াই করছেন। এসব নাটক ছাড়া আবার কী?"#
পার্সটুডে/এমএএইচ/এআর/২২