কাশ্মিরি যুবককে মানবঢাল হিসেবে ব্যবহার: ‘সৃজনশীল’ বললেন ভারতীয় সেনাপ্রধান
https://parstoday.ir/bn/news/india-i38908-কাশ্মিরি_যুবককে_মানবঢাল_হিসেবে_ব্যবহার_সৃজনশীল’_বললেন_ভারতীয়_সেনাপ্রধান
জম্মু-কাশ্মিরে সেনাবাহিনীর বিতর্কিত মেজর গগৈকে পুরস্কৃত করার ঘটনার প্রতি সমর্থন জানিয়েছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। ভারতীয় সাংবাদ সংস্থা পিটিআইকে দেয়া একান্ত সাক্ষাৎকারে সেনা কর্মকর্তার পদক্ষেপকে ‘সৃজনশীল’ পদ্ধতি বলে প্রশংসা করেছেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৮, ২০১৭ ২০:০১ Asia/Dhaka
  • কাশ্মিরি যুবককে মানবঢাল হিসেবে ব্যবহার: ‘সৃজনশীল’ বললেন ভারতীয় সেনাপ্রধান

জম্মু-কাশ্মিরে সেনাবাহিনীর বিতর্কিত মেজর গগৈকে পুরস্কৃত করার ঘটনার প্রতি সমর্থন জানিয়েছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। ভারতীয় সাংবাদ সংস্থা পিটিআইকে দেয়া একান্ত সাক্ষাৎকারে সেনা কর্মকর্তার পদক্ষেপকে ‘সৃজনশীল’ পদ্ধতি বলে প্রশংসা করেছেন তিনি।

এর আগে, শ্রীনগর সফরকালে গগৈকে  চিফ অব আর্মি স্টাফের কমেনডেশন মেডেল দেন তিনি। গত ৯ এপ্রিল ফারুক দার (২৬) নামে এক যুবককে সেনাবাহিনীর জিপের সামনে বেঁধে শ্রীনগর শহরে ঘুরিয়েছিলেন ওই সেনা কর্মকর্তা। মানবঢাল হিসেবে ফারুক দারকে ব্যবহার করায় পাথর ছোঁড়া বন্ধ হয়ে যায়। এতে রক্তপাত ছাড়াই বেশ কিছু জীবন রক্ষা করা সম্ভব হয় বলে দাবি করেছিলেন ওই ভারতীয় মেজর।

কাশ্মিরি যুবক ফারুক দারকে জিপের সামনে বেধে মানবঢাল হিসেবে ব্যবহার

গগৈকে পুরস্কৃত করার ঘটনা সমর্থন করে ভারতীয় সেনাপ্রধান জেনারেল রাওয়াত বলেন, জম্মু-কাশ্মিরে ভারতীয় বাহিনী ‘নোংরা যুদ্ধের মুখে পড়েছে। ‘সৃজনশীলতার মাধ্যমে এ যুদ্ধে লড়তে হবে বলে মন্তব্য করেন তিনি।

কাশ্মিরের মানুষ ভারতীয় সেনাবাহিনী লক্ষ্য করে ইট-পাটকেল এবং পেট্রোল বোমা ছোঁড়ে বলে স্বীকার করে জেনারেল রাওয়াত বলেন, সেনাবাহিনীর মনোবল ধরে রাখতে হবে। সেনা সদস্যদের মনোবল বাড়ানোর লক্ষ্যেই গগৈকে পুরস্কৃত করা হয় বলে জানান তিনি।

গগৈকে পুরস্কৃত করার সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার নির্বাহী পরিচালক আকার প্যাটেল। তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তদন্তের মুখোমুখি হওয়া কর্মকর্তাকে পুরস্কৃত করার অর্থ সেনাবাহিনী নির্দয়, অমানবিক এবং অপমানজনক আচরণের ওই ঘটনাকে বৈধ বলতে চাচ্ছে যা নির্যাতনের সমান।

এছাড়া, কাশ্মিরের হুররিয়াত কনফারেন্সের একাংশের চেয়ারম্যান সাইয়্যেদ আলী শাহ গিলানি বলেছেন, আন্তর্জাতিক আদালতকে মেজর গগৈয়ের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। সাইয়্যেদ আলী শাহ গিলানি ‘মানবঢাল করার ঘটনাকে পাকিস্তানে আটক ভারতীয় গোয়েন্দা কুলভূষণ যাদব মামলার সঙ্গে যুক্ত করে বলেন, আন্তর্জাতিক আদালতকে এ বিষয়ে হস্তক্ষেপ করে সংশ্লিষ্ট কর্মকর্তাকে শাস্তি দেয়া উচিত।#

পার্সটুডে/মূসা রেজা/২৮