নিয়ন্ত্রণরেখায় পাক সেনাপ্রধানের হুমকি, কাশ্মিরি আন্দোলনকে সমর্থনের ঘোষণা
https://parstoday.ir/bn/news/india-i39910-নিয়ন্ত্রণরেখায়_পাক_সেনাপ্রধানের_হুমকি_কাশ্মিরি_আন্দোলনকে_সমর্থনের_ঘোষণা
ভারত-পাক নিয়ন্ত্রণরেখা পরিদর্শনের পর পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া কঠোর হুঁশিয়ারি উচ্চারণসহ কাশ্মিরি জনতার আন্দোলনকে সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন।
(last modified 2026-06-27T09:59:16+00:00 )
জুন ১১, ২০১৭ ০৭:২০ Asia/Dhaka
  • সেনা জওয়ানদের সঙ্গে কথা বলছেন পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া
    সেনা জওয়ানদের সঙ্গে কথা বলছেন পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া

ভারত-পাক নিয়ন্ত্রণরেখা পরিদর্শনের পর পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া কঠোর হুঁশিয়ারি উচ্চারণসহ কাশ্মিরি জনতার আন্দোলনকে সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন।

শনিবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিবৃতিতে প্রকাশ, সেনাবাহিনীর প্রধান বলেছেন, ভারতের প্রত্যেক দুঃসাহসের মুখের মতো জবাব দেয়া হবে। কাশ্মিরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিষয়ে সমর্থন অব্যাহত থাকবে।

জেনারেল বাজওয়া শনিবার মুজাফফরাবাদ সেক্টরে অগ্রবর্তী সেনাচৌকি পরিদর্শন করাসহ পাক সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করেন

পাক সেনা প্রধান এক মাসের মধ্যে এ নিয়ে তিন বার নিয়ন্ত্রণরেখা পরিদর্শন করলেন। নিয়ন্ত্রণরেখা পরিদর্শনের সময় তাকে স্থানীয় কমান্ডাররা নিয়ন্ত্রণরেখায় অব্যাহত যুদ্ধবিরতি লঙ্ঘন এবং নিজেদের প্রস্তুতি সম্পর্কে অবগত করান। বাজওয়া সেনাবাহিনীর প্রস্তুতি এবং সঙ্কটের সময় তাদের পারদর্শিতার প্রশংসা করেন।

জেনারেল বাজওয়া বলেন, ‘দেশ যে নিরাপত্তা উদ্বেগের মুখোমুখি হয়েছে সে সম্পর্কে আমরা সচেতন এবং আমরা সকল ফ্রন্টে সব ধরনের বিপদ মোকাবিলা করতে সম্পূর্ণ সক্ষম।

নিয়ন্ত্রণরেখায় বাজওয়ার সফরের পরে এরআগে ভারত-পাক সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা বাড়ার ঘটনা ঘটেছে। গত ৩০ এপ্রিল নিয়ন্ত্রণরেখায় তার সফরের একদিন পরেই ভারতীয় সেনাদের পর হামলা হয়। পাক সেনাবাহিনীর গুলিতে দুজন ভারতীয় সেনাবাহিনীর জওয়ান নিহত হয় এবং তাদের লাশ বিকৃত করার অভিযোগ ওঠে। পাকিস্তানের পক্ষ থেকে অবশ্য এ ধরণের অভিযোগ খারিজ করে দেয়া হয়েছে।

এদিকে, পাক সেনাবাহিনীর প্রধান জেনারেল বাজওয়া নিয়ন্ত্রণরেখা পরিদর্শন করার পরেই গতকাল দিবাগত (শনিবার) রাতে পাকিস্তানি সেনারা জম্মু- কাশ্মিরের পুঞ্চ এলাকার কৃষ্ণাঘাঁটিতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে।

গণমাধ্যমে প্রকাশ, পাকিস্তানি সেনারা কৃষ্ণাঘাঁটির চারটি সেনাচৌকি লক্ষ্য করে ১২০ এম এম মর্টার এবং স্বয়ংক্রিয় রাইফেলের সাহায্যে গুলিবর্ষণ করে। ভারতীয় সেনাবাহিনী পাক বাহিনীর উদ্দেশ্যে পাল্টা গুলিবর্ষণ করে জবাব দিয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র যুদ্ধবিরতি লঙ্ঘনের কথা নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ৮ টা নাগাদ গুলিবর্ষণ শুরু হয়। পাল্টা গুলিবর্ষণ করে মুখের মতো জবাব দেয়া হচ্ছে।

সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত এক সাক্ষাৎকারে বলেছেন, ভারতীয় সেনাবাহিনী আড়াই জায়গায় যুদ্ধ করতে সম্পূর্ণ প্রস্তুত। এছাড়া দুর্গম পার্বত্যাঞ্চলে যুদ্ধ চালানোর জন্য বিশেষ একটি বাহিনী তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন। তিনি নির্দিষ্টভাবে কোনো জায়গার নাম না করলেও চীন, পাকিস্তান এবং কাশ্মিরে অশান্তির মোকাবিলা করার কথা বলেছেন বলে বিশ্লেষকরা মনে করছেন।

জেনারেল বিপিন রাওয়াত অবশ্য ভারতীয় সেনার যুদ্ধপ্রস্তুতি কোনো বিশেষ দেশের বিরুদ্ধে নয় বলে মন্তব্য করেছেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১১