ভারতের জন্য ভবিষ্যতে হুমকি হয়ে থাকবে চীন: ভারতের উপ সেনাপ্রধান
https://parstoday.ir/bn/news/india-i42810-ভারতের_জন্য_ভবিষ্যতে_হুমকি_হয়ে_থাকবে_চীন_ভারতের_উপ_সেনাপ্রধান
ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান লে জেনারেল শরথ চান্দ আজ(মঙ্গলবার) বলেছেন, ভারতের জন্য ভবিষ্যতে হুমকি হয়ে বিরাজ করবে চীন। এক মাসের বেশি সময় ধরে ডোকালাম নিয়ে যখন চীন-ভারত টানাপড়েন তুঙ্গে তখন এ মন্তব্য করলেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৫, ২০১৭ ১১:৩৯ Asia/Dhaka
  • ভারতের জন্য ভবিষ্যতে হুমকি হয়ে থাকবে  চীন: ভারতের উপ সেনাপ্রধান

ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান লে জেনারেল শরথ চান্দ আজ(মঙ্গলবার) বলেছেন, ভারতের জন্য ভবিষ্যতে হুমকি হয়ে বিরাজ করবে চীন। এক মাসের বেশি সময় ধরে ডোকালাম নিয়ে যখন চীন-ভারত টানাপড়েন তুঙ্গে তখন এ মন্তব্য করলেন তিনি।

তিনি আজ নয়াদিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর মাস্টার জেনারেল অর্ডন্যান্স এবং কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাট্রিস বা সিআইআইয়ের যৌথ সম্মেলনে ভাষণ দেয়ার সময় এ কথা বলেন।

তিনি বলেন, ভারতের উত্তরে রয়েছে চীন। দেশটির রয়েছে বিশাল ভূখণ্ড ও সম্পদ। দেশটির বিশাল সেনাবাহিনী প্রস্তুত অবস্থায় রয়েছে। দুই দেশের মধ্যে হিমালয় পর্বতমালা থাকা সত্ত্বেও আগামী বছরগুলোতে ভারতের জন্য চীন হুমকি হয়ে থাকবে বলে জানান তিনি ।

চীনের দ্রুত সামরিক আধুনিকীকরণের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, বেইজিংয়ের সামরিক ব্যয়ের বিশাল অংশ অপ্রকাশিতই থেকে যায়। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি এখন আমেরিকাকেও ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে বলেও স্বীকার করেন তিনি।

এ ভাষণে তিনি পাকিস্তান সম্পর্কে মন্তব্য করেন। দেশ হিসেবে পাকিস্তান তুলনামূলকভাবে ছোট এবং তার অর্থনীতিও আকারে ক্ষুদ্র বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, প্রচলিত সর্বাত্মক যুদ্ধের বদলে ভারতকে খোঁচাতে পছন্দ করছে এ দেশ। সবঋতুর চীনের বন্ধুর জন্য এটাই মানানসই বলেও জানান তিনি।

এ অঞ্চলে প্রভাব বিস্তার করতে এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হলে ভারতকে অর্থনৈতিক ভাবে শক্তিশালী হতে হবে বলেও উল্লেখ করেন তিনি। বিশ্ব কেবল সামরিক এবং অর্থনৈতিক শক্তিকে মেনে চলে বলে জানান তিনি।#   

পার্সটুডে/মূসা রেজা/২৫