লাদাখ সীমান্তে চীন-ভারত সেনা সংঘর্ষ: উভয় পক্ষে আহত
ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে আজ (মঙ্গলবার) চীনা সেনাবাহিনীর সংঘাত হয়েছে। ভারতের স্বাধীনতা অর্জনের ৭০তম বার্ষিকীর দিনেই লাদাখ সীমান্তে এ সংঘাত ঘটল। ভারতীয় সংবাদ মাধ্যম দাবি করেছে, চীনা গণমুক্তি ফৌজ সত্যিকার নিয়ন্ত্রণ রেখা বা এলএসি নামে পরিচিত অভিন্ন সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে এ হাতাহাতি বা সংঘর্ষের সূচনা হয়।
লাদাখ সীমান্তের কাছে বিখ্যাত পানগোংসো হৃদের পাড়ে এ সংঘাত হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, সংঘর্ষ অন্তত আধা ঘণ্টা স্থায়ী হয়েছে। চীনা বাহিনীকে ঢুকতে দেয়া হয়নি এবং তাদের ফিরে যেতে বাধ্য করা হয়েছে বলেও খবরে দাবি করা হয়েছে।
চীনা সেনারা মানব বন্ধন তৈরি করেছিল। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের সেনারাই পাথর ছুঁড়েছে। এতে দু’পক্ষের সেনারা সামান্য আহত হয়েছে।
লাদাখ সীমান্তের এ এলাকা নিয়ে অনেক দিন ধরেই দু’পক্ষের মধ্যে বিরোধ চলছে এবং উভয় দেশই ওই এলাকাকে নিজ ভূখণ্ড বলে দাবি করছে।
অবশ্য, পরিস্থিতি এখন শান্ত রয়েছে বলে জানিয়েছে ভারত। লাদাখ সীমান্ত সংঘর্ষের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজী হয় নি ভারতীয় সেনাবাহিনী।#
পার্সটুডে/মূসা রেজা/১৫