সীমান্ত লঙ্ঘন ও সংঘর্ষ প্রসঙ্গে ভারতের অভিযোগ অস্বীকার করল চীন
-
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং
ভারত-চীন সীমান্তের লাদাখে প্যাংগং লেক সংলগ্ন এলাকায় চীনের সেনাবাহিনী ভারত সীমান্ত লঙ্ঘন করেছে বলে যে অভিযোগ উঠেছে বেইজিং তা অস্বীকার করেছে।
আজ (বুধবার) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং বলেন, চীনের সেনাবাহিনী সবসময় 'লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল' বা এলএসিকে মেনে চলে।
গণমাধ্যমে দেয়া রুটিন সাক্ষাৎকারে তাকে গতকাল মঙ্গলবারের ঘটনা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি ওই মন্তব্য করেন।
এর আগে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয় চীনা সেনাবাহিনী সীমান্ত লঙ্ঘন করে ভারতীয় এলাকায় ঢোকে এবং তার জেরে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। এমনকি দু’দেশের সেনাবাহিনী পরস্পরের দিকে পাথর নিক্ষেপ করে। চীনা বাহিনীর কমপক্ষে ১৫ জন সেনা ভারতীয় এলাকায় ঢুকে পড়লে সীমান্তে মোতায়েন ভারতীয় বাহিনী ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ তাদের বাধা দেয়।
গণমাধ্যমে প্রকাশ, চীনা সেনাবাহিনী এ সময় পিছু হটতে রাজি না হলে উভয়পক্ষের বাহিনী পরস্পরের দিকে পাথর নিক্ষেপ করলে তাতে কয়েকজন সামান্য আহত হন।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং আজ ওই অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, লাদাখে দু’দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের কোনো খবর তার জানা নেই।
তিনি বলেন, ‘চীন-ভারত সীমান্তে শান্তি বজায় রাখতে চীন প্রতিশ্রুতিবদ্ধ।’
নয়াদিল্লির প্রতি চুনয়িং-এর বার্তা, ‘ভারতকে আমরা বলছি যে এলএসি এবং সংশ্লিষ্ট প্রথাগুলো মেনে চলুন।’
চীনা সেনার সীমান্ত লঙ্ঘন প্রসঙ্গে ভারতীয় সেনাবাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। কিন্তু লাদাখে উভয় দেশের বাহিনীর মধ্যে সংঘর্ষের খবর সেনাবাহিনীর পক্ষ থেকে অস্বীকারও করা হয়নি।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১৬