বিজেপিতে যোগ দেয়ার জল্পনা বাড়ছে মুকুলের, জেটলির সঙ্গে সাক্ষাৎ
-
মুকুল রায়
ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল থেকে বহিষ্কৃত নেতা মুকুল রায় বিজেপিতে যোগ দিতে যাচ্ছেন বলে জল্পনা জোরালো হয়েছে। আগে থেকেই এমন জল্পনা রাজনৈতিক মহলে ভেসে বেড়ালেও মুকুল রায় গতকাল (রোববার) দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ও সিনিয়র বিজেপি নেতা অরুণ জেটলির সঙ্গে সাক্ষাৎ করায় সেই জল্পনা আরও তীব্র হয়ে উঠেছে।
উভয় নেতার মধ্যে আলোচনার বিষয়বস্তু অবশ্য প্রকাশ্যে আসেনি। মুকুল বা জেটলি কেউই এ নিয়ে মুখ খুলতে চাননি।
মুকুল রায় বলেছেন, ‘দেখা করেছি। এর বেশি কিছু বলার নেই।’
মুকুল রায় কিছু দিন আগে জেটলির সঙ্গে প্রাতঃরাশে অংশ নিয়ে দলের বিরাগভাজন হন। তিনি সেসময় সাফাই দিয়ে বলেছিলেন, এয়ার ইন্ডিয়ার বেসরকারীকরণ রুখতেই তিনি জেটলির সঙ্গে দেখা করেছিলেন। কিন্তু তার ওই সাফাই তৃণমূল নেতৃত্বের কাছে গ্রহণযোগ্য না হওয়ায় এবং বিজেপি নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার জেরে অবশেষে দল থেকে তাকে বহিষ্কার করা হয়।
এদিকে, গতকাল রোববার পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ মুকুল রায় সম্পর্কে ইতিবাচক মন্তব্য করায় রাজনৈতিক মহলে নয়া সমীকরণের আলামত স্পষ্ট হচ্ছে।
মুকুল রায়ের বিজেপিতে যোগ দেয়া প্রসঙ্গে এর আগে দিলীপ ঘোষ বলেছিলেন, দল বিষয়টা দেখছে, কেন্দ্রীয় স্তরে আলোচনা চলছে। কিন্তু রোববার তিনি নারদ স্টিং ঘুষ কেলেঙ্কারি সম্পর্কে তাৎপর্যপূর্ণভাবে বলেন, (নারদ স্টিং ঘুষ কেলেঙ্কারিতে) ‘ভিডিও ফুটেজে মুকুল রায়কে টাকা নিতে দেখা যায়নি। আর সিবিআই তথ্য জানার জন্য কাউকে ডেকে জিজ্ঞাসাবাদ করতেই পারে। সিবিআই ডাকলেই কেউ অভিযুক্ত বা দোষী হয়ে যায় না। দোষ প্রমাণিত না হলে কাউকে দোষী বলা যায় না।’
‘মুকুলবাবুর মতো দক্ষ নেতা বিজেপিত যোগ দিলে তাকে যোগ্য সম্মান দেয়া হবে’ বলেও দিলীপ ঘোষ মন্তব্য করেন।
একইদিনে বিজেপি’র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা বলেন, ‘মুকুল রায়ের তৃণমূল থেকে বেরিয়ে আসা দিয়ে ওই দলের বিনাশ শুরু হয়েছে। আগামী দিনে তা আরো ত্বরান্বিত হবে।’
মুকুল রায়ের বিজেপিতে যোগ দেয়া নিয়ে জল্পনা ছড়ালেও বিজেপি’র কেন্দ্রীয় নেতা সিদ্ধার্থনাথ সিং একসময় পশ্চিমবঙ্গে ‘ভাগ মুকুল’ বলে স্লোগান তুলে আন্দোলনে শামিল হয়েছিলেন।
তাছাড়া তাকে দলে নিলে বিজেপি’র লাভ-ক্ষতি কী হবে তা নিয়ে দলটির অভ্যন্তরে নানা হিসাব-নিকাশ চলছে। বিজেপি’র একটি সূত্রে প্রকাশ, মুকুল রায় নয়া দল গঠন করে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটে যোগ দিলে পরে তাকে বিজেপিতে মিশিয়ে দেয়া হবে।
অন্য একটি সূত্রের মতে, মুকুল বাবুর যেহেতু বুথস্তরে দলকে পরিচালনা করার দক্ষতা রয়েছে সেজন্য পশ্চিমবঙ্গে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে তাকে দলে নিয়ে তার সফলতা সম্পর্কে নতুনভাবে পরীক্ষা-নিরীক্ষা করা যেতে পারে।
এভাবে জল্পনার মধ্যে মুকুল বিরোধী এক তৃণমূল নেতা ‘মুকুল এখন বিজেপি’র কৃপাপ্রার্থী’ বলে কটাক্ষ করেছেন।
বিজেপিতে যোগ দেয়া প্রসঙ্গে খোদ মুকুল রায় অবশ্য জল্পনা জিইয়ে রেখে ‘অপেক্ষা করুন, সবুরে মেওয়া ফলে’ বলে ধোঁয়াশা অব্যাহত রেখেছেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৯