নিয়োগ বিজ্ঞপ্তিতে ওবিসি সংরক্ষণ দাবিতে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরে স্মারকলিপি
https://parstoday.ir/bn/news/india-i48134-নিয়োগ_বিজ্ঞপ্তিতে_ওবিসি_সংরক্ষণ_দাবিতে_পশ্চিমবঙ্গ_স্বাস্থ্য_দফতরে_স্মারকলিপি
ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় স্বাস্থ্য দফতরে স্মারকলিপি প্রদান করল সারাবাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন। স্বাস্থ্য দফতর থেকে আশা কর্মী নিয়োগ বিজ্ঞপ্তিতে অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য আসন সংরক্ষণ না থাকার প্রতিবাদে আজ (শুক্রবার) ওই স্মারকলিপি দেয়া হয়।   
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ০৩, ২০১৭ ১৬:৪৯ Asia/Dhaka
  • পূর্ব মেদিনীপুর জেলায় স্বাস্থ্য দফতরে স্মারকলিপি প্রদান
    পূর্ব মেদিনীপুর জেলায় স্বাস্থ্য দফতরে স্মারকলিপি প্রদান

ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় স্বাস্থ্য দফতরে স্মারকলিপি প্রদান করল সারাবাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন। স্বাস্থ্য দফতর থেকে আশা কর্মী নিয়োগ বিজ্ঞপ্তিতে অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য আসন সংরক্ষণ না থাকার প্রতিবাদে আজ (শুক্রবার) ওই স্মারকলিপি দেয়া হয়।   

সংখ্যালঘু যুব ফেডারেশনের পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদক সেখ ফজলুর রহমান রেডিও তেহরানকে বলেন, ‘সরকারি নির্দেশমত ওবিসি-এ ১০ শতাংশ এবং ওবিসি-বি সাত শতাংশ কর্মপ্রার্থীদের আসন সংরক্ষণের কথা থাকলেও জেলা স্বাস্থ্য দফতর থেকে আশা কর্মী নিয়োগ বিজ্ঞপ্তিতে তা অনুসরণ করা হয়নি। এর ফলে ওবিসি-এ ক্যাটাগরিতে নথিভুক্ত মুসলিমরা সংরক্ষণ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।’

তিনি বলেন, পূর্ব মেদিনীপুর জেলায় স্বাস্থ্য দফতর থেকে সম্প্রতি ১৮০ আশা কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে সাধারণ, তপশিলী জাতি/উপজাতির কর্ম প্রার্থীরা আবেদন করতে পারবেন। কিন্তু ওবিসি-এ এবং ওবিসি-বি তালিকাভুক্ত প্রার্থীদের জন্য কোনো আসন সংরক্ষণ করা হয়নি। ওবিসি-এ তালিকায় মুসলিমদের অধিকাংশই নথিভুক্ত হওয়ায় এক্ষেত্রে মুসলিমরা চরমভাবে বঞ্চিত হচ্ছেন। এ নিয়ে মুসলিমদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হওয়ায় স্বাস্থ্য দফতরের ওই সরকারি বিজ্ঞপ্তি বাতিল করে নয়াবিজ্ঞপ্তি জারি করার দাবি জানানো হয়েছে।

জেলা মুখ্য স্বাস্থ্য দফতর থেকে সংশ্লিষ্ট দাবিপত্র গ্রহণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেয়া হয়েছে বলে সংখ্যালঘু যুব ফেডারেশনের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক সেখ ফজলুর রহমান জানিয়েছেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৩