বিজেপিতে যোগ দিয়েই তৃণমূলের সমালোচনায় মুখর মুকুল রায়
https://parstoday.ir/bn/news/india-i48161-বিজেপিতে_যোগ_দিয়েই_তৃণমূলের_সমালোচনায়_মুখর_মুকুল_রায়
ভারতের পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল নেতা মুকুল রায় বিজেপিতে যোগ দেয়ার একদিন পর আজ তৃণমূলের সমালোচনায় সোচ্চার হয়েছেন। গতকাল (শুক্রবার) তিনি দিল্লিতে বিজেপির কার্যালয়ে উপস্থিত হয়ে বিজেপিতে যোগ দেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ০৪, ২০১৭ ১৬:৩৬ Asia/Dhaka
  • বিজেপি সভাপতি অমিত শাহ ও মুকুল রায়
    বিজেপি সভাপতি অমিত শাহ ও মুকুল রায়

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল নেতা মুকুল রায় বিজেপিতে যোগ দেয়ার একদিন পর আজ তৃণমূলের সমালোচনায় সোচ্চার হয়েছেন। গতকাল (শুক্রবার) তিনি দিল্লিতে বিজেপির কার্যালয়ে উপস্থিত হয়ে বিজেপিতে যোগ দেন।

আজ (শনিবার) এক বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে মুকুল রায় বলেন, তৃণমূল কংগ্রেস স্ববিরোধিতায় ভুগছে। ১৯৯৭ সালে বিজেপির হাত ধরে তৃণমূলের জন্ম হয়। ২০০৭ সাল পর্যন্ত বিজেপির হাত ধরে ছিল তৃণমূল। তারপরে কংগ্রেসের সঙ্গে যায়, পরে আবার কংগ্রেসকে ত্যাগ করা হয়। গোটা ভারতজুড়ে সেসময় কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূল প্রচার করেছিল। এখন আবার মনে হচ্ছে কংগ্রেস ছাড়া মনে হয় আর কোনো পথ নেই। তাহলে তো দল তুলে দিয়ে কংগ্রেসের সঙ্গে যাওয়া উচিত। আলাদা দল করে লাভ কী?

পশ্চিমবঙ্গ সরকারের কেউ বিরোধিতা করলে তাকে সিআইডি দিয়ে গ্রেফতার করা হবে বলে মুকুল রায় বলেন।

পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী গৌতম দেব

তিনি বলেন, ‘এই পরিস্থিতি ১৯৭২ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে সৃষ্টি হয়েছিল। বর্তমানে সিদ্ধার্থ শঙ্কর রায়ের সেই আমলকেও ছাড়িয়ে গেছে। রাজ্যের নেতা-মন্ত্রী এমনকি আমলাদের টেলিফোন ট্যাপ করা আছে।

পরবর্তী বিধানসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করবে বলে মুকুল রায় দাবি করেন। মুকুল রায়ের দাবি, বিজেপি সাম্প্রদায়িক দল নয়, বরং ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল। বিজেপি না থাকলে তৃণমূল আজকের জায়গায় পৌঁছতে পারত না বলেও তার দাবি।  

এদিকে, রাজ্যের পর্যটনমন্ত্রী ও তৃণমূল নেতা গৌতম দেব জানিয়েছেন, মুকুল রায়ের বিজেপিতে যোগ দেয়ায় দলে কোনো প্রভাব পড়েনি। তারা বিষয়টিকে এড়িয়ে চলছেন। #

পার্সটুডে/এমএএইচ/এআর/৪