শান্তি ও সম্প্রীতি রক্ষায় পশ্চিমবঙ্গে হাওড়ায় গঠিত হল ‘সদ্ভাবনা মঞ্চ’
উগ্রবাদ প্রতিরোধ এবং শান্তি ও সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় গঠিত হয়েছে সদ্ভাবনা মঞ্চ। আজ (শনিবার) বিকেলে হাওড়া জেলার উলুবেড়িয়ায় রবীন্দ্র ভবনে হাওড়া জেলা সদ্ভাবনা মঞ্চ গঠিত হয়। ১৯ সদস্য সমন্বিত সদ্ভাবনা মঞ্চ কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন আলিমুদ্দিন শেখ। এ উপলক্ষ্যে আজ পূর্নেন্দু কুমার মালের সভাপতিত্বে রবীন্দ্র ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নবগঠিত সদ্ভাবনা মঞ্চের অন্যতম সদস্য ও হাওড়া জেলার জামায়াতে ইসলামী হিন্দের সভাপতি নূর আহমেদ মোল্লা রেডিও তেহরানকে বলেন, ‘ভারতে ভৌগোলিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় বৈচিত্র্য থাকা সত্ত্বেও সম্প্রতি উগ্র সাম্প্রদায়িক শক্তি ও গোষ্ঠী আমাদের ঐক্যের পরিবেশকে বিঘ্নিত করার অপচেষ্টা চালানোয় বিভিন্ন এলাকায় অপ্রীতিকর ঘটনা ঘটছে। এসব ঘটনা প্রতিহত করতে এবং মানুষে মানুষে শান্তি ও সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে হাওড়া জেলা সদ্ভাবনা মঞ্চ গঠিত হয়েছে।’
হাওড়া জেলা জামায়াতের গণমাধ্যমের ইনচার্জ শেখ লিয়াকত হোসেন বলেন, ‘আজ যে সদ্ভাবনা মঞ্চ গঠিত হল পরবর্তীতে তা থানা ও ব্লক স্তরেও জাতিধর্ম নির্বিশেষে সকল শুভবুদ্ধিসম্পন্ন মানুষদের নিয়ে তা সম্প্রসারণ করা হবে।’
সদ্ভাবনা মঞ্চ গঠন উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশ্বকোষ পরিষদের সভাপতি পার্থ সেনগুপ্ত, অ্যাডভোকেট মতিয়ার রহমান, ইন্দ্রাণী ভৌমিক, কৌশিক গৌতম, নূর আহমদ মোল্লা, মঞ্জুরা বেগম, সুখনন্দন সিং আহলুওয়ালিয়া, নাসীম আলী, স্বামী অভেদানন্দ, শাহ আলম, উলুবেড়িয়া কলেজের অধ্যাপক সিরাজ মল্লিক প্রমুখ। #
পার্সটুডে/এমএএইচ/এআর/৪