কেউ দাঙ্গা করবেন না, এটা বিজেপি’র কাজ: মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘কারো প্ররোচনায় কেউ কখনো দাঙ্গা করবেন না। এটা হচ্ছে বিজেপি’র কাজ। দাঙ্গা বাধিয়ে, মানুষ হত্যা করে রাজনৈতিক ফায়দা তোলা- এটা ওদের রাজনৈতিক কায়দা।’
আজ (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার গোসাবার পাওয়ার হাউস সংলগ্ন ময়দানে এক বিশাল জনসমাবেশে তিনি ওই মন্তব্য করেন।
মমতা বলেন, ‘দাঙ্গা আমাদের বড় শত্রু, দেশের শত্রু, জাতির শত্রু, বাংলার শত্রু, সকলের শত্রু।’
তিনি বলেন, রাজ্যের যে প্রান্তেই ছোটোখাটো যেকোনো সমস্যা, গোলযোগ, সাম্প্রদায়িক উত্তেজনা হোক না কেন সব খবর তার কাছে থাকে। বিজেপি রাজ্যে সহিংসতার রাজনীতি করে রাজনৈতিক ফায়দা তুলছে।
মমতা বিজেপি নেতাদের সমালোচনা করে বলেন, বিজেপির নেতারা কেবল ভাষণই দেন, তারা কোনো কাজ করেন না।
তিনি আজ কেন্দ্রীয় সরকারের পদক্ষেপে বন্ধ হয়ে যাওয়া আড়াই লাখ পেনশনভোগীর পেনশন রাজ্য সরকার চালু করছে বলে ঘোষণা করেন।
মমতা আজ সংশ্লিষ্ট এলাকার দলীয় নেতাদের মধ্যে মতবিরোধ দূর করে সকলকে মিলেমিশে মানুষের জন্য কাজ করার আহ্বান জানান।
পার্সটুডে/এমএএইচ/এআর/৩০