প্রতিবাদ করি বলে কেন্দ্রীয় সরকার টাকা দেয়া বন্ধ করে দিয়েছে: মমতা
https://parstoday.ir/bn/news/india-i49195-প্রতিবাদ_করি_বলে_কেন্দ্রীয়_সরকার_টাকা_দেয়া_বন্ধ_করে_দিয়েছে_মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'আমি প্রতিবাদ করি বলে কেন্দ্রীয় সরকার অনেক ক্ষেত্রে টাকা দেয়া বন্ধ করে দিয়েছে।' আজ (শুক্রবার) উত্তর ২৪ পরগণা জেলার হাড়োয়াতে এক জনসমাবেশে তিনি ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০১, ২০১৭ ১৪:৪০ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'আমি প্রতিবাদ করি বলে কেন্দ্রীয় সরকার অনেক ক্ষেত্রে টাকা দেয়া বন্ধ করে দিয়েছে।' আজ (শুক্রবার) উত্তর ২৪ পরগণা জেলার হাড়োয়াতে এক জনসমাবেশে তিনি ওই মন্তব্য করেন।

কেন্দ্রীয় সরকার ও বিজেপি নেতাদের সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা ভয় পাই না, আমরা মাথা উঁচু করে চলি। আমরা দানব ও রক্তচক্ষুকে ভয় পাই না। আমরা রবীন্দ্রনাথ, নজরুলের দেশের লোক।’  

বিজেপি নেতাদের নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘কাজের বেলায় লবডঙ্কা। শূন্য কলসি বাজে বেশি। পারে না করতে কিচ্ছু, কথায় বড় বড়! আমরা বলি, ‘চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির’। আমরা নজরুলের ভাষায় বলি, কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল কররে লোপাট, রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী।’

কেন্দ্রীয় সরকারকে উদ্দেশ করে মমতা বলেন, ‘আমাদের অনেক কাজ বন্ধ করে দিয়েছে কেন জানেন, আমি প্রতিবাদ করি বলে। আমরা ওদের সবকিছু মানি না। শুধু নির্দেশ দেয়, এই করতে হবে, সেই করতে হবে। তোমরা যদি নির্বাচিত সরকার হও, আমরাও নির্বাচিত সরকার। আমরা আমাদের মতো কাজ করবো, তোমরা তোমাদের মতো করো। সবকিছু মানি না বলে অনেক জায়গায় আমাদের টাকা পয়সা দেয়া বন্ধ করে দিয়েছে।’

মমতা সকলের উদ্দেশে বলেন, ‘দাঙ্গা নিজেরাও করবেন না, কাউকে করতে দেবেন না। দাঙ্গাকারীরা সমাজের বন্ধু নয়, সমাজের শত্রু। মনে রাখবেন দাঙ্গা হলে হিন্দুর ঘরের লোকও মারা যায়, মুসলিম ঘরের লোকও মারা যায়। দাঙ্গার আগুন থেকে কেউ বাঁচতে পারে না। আগুন জ্বালানো খুব সহজ কিন্তু আগুন নেভানো খুব কঠিন।'

মমতা গতকালও এক জনসভায় দাঙ্গা সম্পর্কে সবাইকে সতর্ক করে বলেন, ‘বিজেপি টাকা ছড়িয়ে ষড়যন্ত্র করে দাঙ্গা বাধানোর চক্রান্ত করছে। ওদের ফাঁদে পা দেবেন না।’

মমতা এজন্য এলাকায় বহিরাগত লোকজনদের গতিবিধির ওপরে নজর রাখার আহ্বান জানানোসহ পুলিশকে সক্রিয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১