কোলকাতার স্কুলে শিশু নির্যাতন: পদক্ষেপের আশ্বাস মমতা, বিক্ষোভ অব্যাহত
https://parstoday.ir/bn/news/india-i49355-কোলকাতার_স্কুলে_শিশু_নির্যাতন_পদক্ষেপের_আশ্বাস_মমতা_বিক্ষোভ_অব্যাহত
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার একটি স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে। আজ (সোমবার) চতুর্থ দিনের মতো  অভিভাবকরা জি ডি বিড়লা স্কুলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ডিসেম্বর ০৪, ২০১৭ ১৫:৪৮ Asia/Dhaka
  • কোলকাতার স্কুলে শিশু নির্যাতন: পদক্ষেপের আশ্বাস মমতা, বিক্ষোভ অব্যাহত

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার একটি স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে। আজ (সোমবার) চতুর্থ দিনের মতো  অভিভাবকরা জি ডি বিড়লা স্কুলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

আজ রাজ্য সচিবালয় নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই ঘটনা নিন্দনীয় ও দুর্ভাগ্যজনক বলে অভিহিত করে বলেন, দু'একজন শিক্ষক খারাপ হতে পারেন কিন্তু সব শিক্ষক খারাপ নন। এ ব্যাপারে শিক্ষামন্ত্রী ব্যবস্থা নিয়েছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

গত বৃহস্পতিবার জি ডি বিড়লা স্কুলের শিশু শ্রেণির চার বছরের এক ছাত্রীকে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ এ ঘটনায় শারীরিক শিক্ষার দুই শিক্ষককে গ্রেফতার করেছে।

মমতা বন্দোপাধ্যায়

আজ পশ্চিমবঙ্গের বিজেপি নেত্রী ও দলীয় এমপি রূপা গাঙ্গুলি ওই স্কুলে যাওয়ার চেষ্টা করলে অভিভাবকরা তাকে ঘিরে বিক্ষোভ দেখান এমনকি 'গো ব্যাক' ধ্বনি দেন। তারা এ নিয়ে কোনোরকম রাজনীতি হোক তা চান না বলে রূপা গাঙ্গুলিকে জানিয়ে দেন।

রূপা অবশ্য বলেন, তিনি কোনো রাজনীতি করতে আসেননি। তিনি বলেন, ‘আমি একজন মা। আমার এখানে আসার অধিকার আছে। রাতে ঘুমোতে পারিনি এ ঘটনা জানার পর। এর মধ্যে রাজনীতিকে টানবেন না। এখানে এসেছি সমাধান করতে।’ তিনি অবিলম্বে ওই স্কুলের প্রিন্সিপ্যালকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

জি ডি বিড়লা স্কুলে রূপা গাঙ্গুলি এমপি

অন্যদিকে, আজ রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী সংশ্লিষ্ট স্কুল পরিদর্শন করার পর বলেন, ‘পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রতিশ্রুতি দিয়েও তা পালন করেনি স্কুল কর্তৃপক্ষ। উল্টে বিনা নোটিসে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে কর্তৃপক্ষের আন্তরিকতার অভাব প্রকাশ পেয়েছে। এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।’

গতকাল রোববার সংশ্লিষ্ট স্কুলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে স্কুল খোলা হবে বলে জানানো হয়েছে। ওই ঘটনায় অভিভাবকদের পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৪