ভারতের কেন্দ্রীয় সরকার আমাদের ভাতে মারার চেষ্টা করে: মমতা
https://parstoday.ir/bn/news/india-i49721-ভারতের_কেন্দ্রীয়_সরকার_আমাদের_ভাতে_মারার_চেষ্টা_করে_মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'কেন্দ্রীয় সরকার আমাদের দয়া করে না, ওরা আমাদের ভাতে মারার চেষ্টা করে।' আজ (মঙ্গলবার) পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় এক জনসমাবেশে ভাষণ দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ডিসেম্বর ১২, ২০১৭ ১৪:২২ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'কেন্দ্রীয় সরকার আমাদের দয়া করে না, ওরা আমাদের ভাতে মারার চেষ্টা করে।' আজ (মঙ্গলবার) পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় এক জনসমাবেশে ভাষণ দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন।

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করে মমতা বলেন, ‘মনে রাখবেন দিল্লি সরকার (কেন্দ্রীয় সরকার) আমাদের এখান থেকে টাকা কেটে নিয়ে যায়। সেই টাকা থেকে কিছু টাকা আমাদের দেয়। সবটা দেয় না। ওরা যদি আমাদের টাকা না কাটতো, তাহলে ওদের কাছ থেকে আমাদের এক পয়সাও চাওয়ার প্রয়োজন ছিল না। ওরা আমাদের দয়া করে না। আমাদের ভাতে মারার চেষ্টা করে।’

মমতা বলেন, ‘রাজ্যের আড়াই লাখ বিধবা, প্রতিবন্ধী ও বয়স্ক ভাতা পেতেন সব ভাতা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছিল। কিন্তু আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ২৫৮ কোটি টাকা দিয়ে সেই ভাতা পুনরায় চালু করে দিয়েছি। সুতরাং কেউ যেন বঞ্চিত না হয়। আমি বিডিও ও জেলা প্রশাসকদের এ ব্যাপারে নজর দেয়ার নির্দেশ দিয়ে যাচ্ছি।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

মমতা বলেন, রাজ্যে সংখ্যালঘুদের তিন হাজার কবরস্থানের প্রাচীর করে দেয়া হয়েছে। অন্যদিকে, চলতি বছরে কমপক্ষে দু’হাজার শ্মশানঘাট বাঁধিয়ে দেয়া হবে।

অন্য রাজ্যে কাজ করতে গিয়ে কেউ অসুবিধার মুখে পড়ে ফিরে আসলে তাকে একশ’ দিনের কাজ ও প্রয়োজনে দু’শ’ দিনের কাজ দেয়া হবে বলে ঘোষণা করেন মমতা।

তিনি বলেন, বাংলার মাটি সবাইকে ভালোবাসে। বাংলার মানুষের ওপরে কোনো অত্যাচার করা যাবে না। বাংলাও কারো ওপরে অত্যাচার করবে না। এটা আমাদের গর্ব।

মমতা বলেন, ‘বিজেপি’র কোনো কোনো নেতা আছেন তারা বোঝেই না। এই তো পাশের বিজেপিশাসিত ঝাড়খণ্ড রাজ্য আছে। কী হচ্ছে সেখানে? ঝাড়খণ্ড রাজ্য যদি তৃণমূলের শাসনে থাকত তাহলে আমরা সেখানে সোনা ফলিয়ে দিতাম। যারা ঝাড়খণ্ডে করতে পারেন না তারা বাংলায় কী করবেন? রাজস্থানে ওরা সংখ্যালঘু, দলিতদের ওপরে অত্যাচার করে। গুজরাটে দলিতদের ওপরে অত্যাচার করে। অন্য কোনো স্থানে খ্রিস্টানদের ওপরে অত্যাচার করে। কেন করবেন এসব? ওরা দলিত, খ্রিস্টান, সংখ্যালঘু, সাধারণ মানুষ যাই হোক না কেন তারা আমাদের ঘরের ভাইবোন। আমরা এসবে কোনো পার্থক্য করি না। আমরা সকলেই এক। আমরা সকলেই মানবিক পরিবারের সদস্য।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১২