বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে কোলকাতায় বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/india-i49897-বায়তুল_মুকাদ্দাসকে_ইসরাইলের_রাজধানী_ঘোষণার_প্রতিবাদে_কোলকাতায়_বিক্ষোভ
বায়তুল মুকাদ্দাসকে (জেরুজালেম) ইহুদিবাদী ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় বিক্ষোভ মিছিল করেছে স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অব ইন্ডিয়া বা এসআইও।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ডিসেম্বর ১৬, ২০১৭ ০৭:৩১ Asia/Dhaka
  • বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে কোলকাতায় বিক্ষোভ

বায়তুল মুকাদ্দাসকে (জেরুজালেম) ইহুদিবাদী ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় বিক্ষোভ মিছিল করেছে স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অব ইন্ডিয়া বা এসআইও।

গতকাল (শুক্রবার) এসআইও পশ্চিমবঙ্গ শাখা আয়োজিত ওই বিক্ষোভ মিছিলটি কোলাকাতার টিপু সুলতান মসজিদের সামনে থেকে শুরু হয়ে ওয়াই চ্যানেল পর্যন্ত যায়।

এদিন জুমা নামাজ শেষে বিক্ষোভকারীরা বিভিন্ন দাবিসম্বলিত প্ল্যাকার্ড বহন করেন ও স্লোগান দেন। জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার তীব্র সমালোচনা ও নিন্দা জানান এসআইও পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি ওসমান গনি।

তিনি বলেন, ‘জেরুজালেম তিনটি প্রধান আব্রাহামিক ধর্মের জন্য পবিত্র ভূমি। সেজন্য, সবাইকে অবশ্যই এর সম্মান করা উচিত। মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্ত একেবারেই একতরফা এবং চলমান সংঘাতের কোন সুষ্ঠু সমাধান নয়। ইহুদিবাদী ইসরাইল ক্রমাগত ফিলিস্তিনের অধিকার লঙ্ঘন করছে। কিন্তু তাদের ক্ষত নিরাময়ের পরিবর্তে মার্কিন প্রেসিডেন্ট অন্যায় ও অন্যায্য সিদ্ধান্ত নিয়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিশ্বজুড়ে মুসলমানদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবশ্যই আওয়াজ তোলা উচিত এবং প্রকৃতপক্ষে ফিলিস্তিনের অধিকার সুনিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসা উচিত।’

কোলকাতায় ওই বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে এসআইও’র সাবেক কেন্দ্রীয় পরামর্শ পরিষদের সদস্য সাদাব মাসুম বলেন, ‘ঘুম থেকে উঠে কেউ যদি ঘোষণা করে কোলকাতা আজ থেকে বাংলাদেশের রাজধানী, তাহলে তা পাগলামি ছাড়া আর কিছু হবে না। ওই সিদ্ধান্ত কী ভারতের সাধারণ মানুষ  মেনে নেবেন? কখনোই নয়। তেমনিভাবে ফিলিস্তিন ও বিশ্বমুসলিম সম্প্রদায়ের পক্ষে জেরুজালেমকে নিয়ে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা মেনে নেয়া সম্ভব নয়।’

বিক্ষোভ মিছিলে শামিল হয়ে জামায়াত ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য মাওলানা রফিকুল ইসলাম বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট অনধিকার বিষয়ে নিজেদের জড়িয়ে ফেলছেন।’

কোলকাতা থেকে প্রকাশিত ‘যুব প্রত্যাশা’ পত্রিকার সম্পাদক আব্দুল হামিদ বলেন,‘মার্কিন প্রেসিডেন্ট নিজেদের ঘরোয়া সমস্যা থেকে বিশ্ববাসীকে মুখ ফেরাতেই জঘন্য চক্রান্ত করেছেন।’

বিক্ষোভ মিছিলে এসআইও’র কোলকাতার সভাপতি মহম্মদ ইরশাদ ও এসআইও’র সাবেক রাজ্য সংগঠন সম্পাদক সাবির আলি প্রমুখ উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৬