পশ্চিমবঙ্গের সবং উপনির্বাচনে সাম্প্রদায়িক সম্প্রীতির জয়: মানস ভুঁইয়া
https://parstoday.ir/bn/news/india-i50303-পশ্চিমবঙ্গের_সবং_উপনির্বাচনে_সাম্প্রদায়িক_সম্প্রীতির_জয়_মানস_ভুঁইয়া
ভারতের পশ্চিমবঙ্গের সবং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী গীতারানি ভুঁইয়া বিপুল ভোটে জয়ী হয়েছেন। আজ (রোববার) ভোটগণনা শেষে গীতারানি ভুঁইয়া জয়ী হন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ডিসেম্বর ২৪, ২০১৭ ১২:৩০ Asia/Dhaka
  • গীতারানি ভুঁইয়া ও মানস ভুঁইয়া
    গীতারানি ভুঁইয়া ও মানস ভুঁইয়া

ভারতের পশ্চিমবঙ্গের সবং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী গীতারানি ভুঁইয়া বিপুল ভোটে জয়ী হয়েছেন। আজ (রোববার) ভোটগণনা শেষে গীতারানি ভুঁইয়া জয়ী হন।

গীতারানি ভুঁইয়ার জয়কে 'বিভেদমূলক রাজনীতির বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রতির জয়' বলে মন্তব্য করেছেন তৃণমূল এমপি মানস ভুঁইয়া।

গীতারানী ভুঁইয়ার স্বামী মানস ভুঁইয়া কংগ্রেস ত্যাগ করে তৃণমূলে যোগ দেওয়ার পর এমপি নির্বাচিত হওয়ায় সবং বিধানসভা আসনটি শূন্য হয়। ২০১৬ সালে মানস ভুঁইয়া ওই কেন্দ্রে কংগ্রেস বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।

গত বৃহস্পতিবার সবংয়ে উপনির্বাচন হয় এবং আজ তার ফল ঘোষণা হয়।

তৃণমূল প্রার্থী গীতারানি ভুঁইয়াকে বিরোধী সিপিআইএমের রীতা মন্ডল, বিজেপি’র অন্তরা ভট্টাচার্য ও কংগ্রেস প্রার্থী চিরঞ্জীব ভৌমিকের জোরালো প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়। বিরোধীরা তৃণমূল প্রার্থীকে পরাজিত করার জন্য নির্বাচনি ময়দানে উঠেপড়ে লাগলেও বিপুল ভোটে জয়ী হয়েছেন গীতারানি ভুঁইয়া।

গীতা দেবীর জয় প্রসঙ্গে তৃণমূল এমপি মানস ভুঁইয়া বলেন, ‘একটা কথা খুব পরিষ্কার (বিজেপিশাসিত) গুজরাট মানুষ দেখে নিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহাশয়কে মানুষ দেখে নিয়েছে, বিজেপিকে দেখে নিয়েছে, সিপিএমকে (বাংলায়) ৩৪ বছর ধরে মানুষ দেখেছে এবং বঙ্গীয় কংগ্রেসের জগাই-মাধাই অধীর কুমার- মান্নান কুমারকে দেখে নিয়েছে। সেজন্য আমাদের সামনে আছেন মা অন্নপূর্ণা শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়। যে উজাড় করে দেয়, কিছু নেয় না। পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যেক ধূলিকণায় মমতা জড়িয়ে আছেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা প্রার্থী খুঁজে পাবে না।’

মানস ভুঁইয়া বিজেপিকে কটাক্ষ করে বলেন, ‘পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থী খুঁজে পাবে না। ভুল রাজনীতির অপমৃত্যু হয়, বিভেদের রাজনীতি মানুষ গ্রহণ করে না। মন্দির-মসজিদের রাজনীতি মানুষ গ্রহণ করে না। মানুষ মা অন্নপূর্ণা মমতা ও তৃণমূলের পতাকাকে গ্রহণ করবে। সর্বভারতীয় ক্ষেত্রে গুজরাট থেকে বিজেপি মুখ থুবড়ে পড়েছে।’

সবং উপনির্বাচনের ফলকে তিনি বিজেপি’র শেষের শুরু এবং শেষ অন্তিম পর্যায়ের শুরু বলেও কটাক্ষ করেছেন।

সবংয়ের জয় প্রসঙ্গে তৃণমূলের পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, ‘নরেন্দ্র মোদি সবংয়ে মুখ থুবড়ে পড়েছেন। বিজেপি’র অহংকার ও ধ্বংসাত্মক রাজনীতির বিরুদ্ধে সবংয়ের মানুষ উপযুক্ত জবাব দিয়েছেন।’

বিজেপিকে সবংয়ের মানুষ তৃতীয় স্থানে পাঠিয়ে দিয়েছেন এবং পঞ্চায়েত নির্বাচনে বিজেপি চতুর্থ স্থানে চলে যাবে বলেও তিনি মন্তব্য করেন।

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ অবশ্য সবংয়ে বিজেপি’র ভোট বেড়েছে বলে দাবি করেছেন। অন্যদিকে, সবংয়ে পরাজয় সম্পর্কে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য তাদের সাংগঠনিক দুর্বলতাকে দায়ী করেছেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৪