নাগরিক পঞ্জির সমালোচনা করায় অসমে মমতার বিরুদ্ধে মামলা
https://parstoday.ir/bn/news/india-i50871-নাগরিক_পঞ্জির_সমালোচনা_করায়_অসমে_মমতার_বিরুদ্ধে_মামলা
অসমে নাগরিক পঞ্জির নামে বাঙালি বিতাড়নের চক্রান্ত চলছে বলে মন্তব্য করায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। 
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ০৪, ২০১৮ ২২:১৭ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়
    পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

অসমে নাগরিক পঞ্জির নামে বাঙালি বিতাড়নের চক্রান্ত চলছে বলে মন্তব্য করায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। 

বুধবার বীরভূমের জনসভায় মমতা অভিযোগ করেন, বিজেপি সরকার চক্রান্ত করে অসম থেকে বাঙালিদের তাড়ানোর চেষ্টা করছে। এই অশান্তি বরদাস্ত করা হবে না। আগুন নিয়ে খেলবেন না। সারা ভারতে আগুন জ্বালাবেন না। আর যদি লোকের গায়ে হাত পড়ে, সে বাঙালিই হোক কিংবা পাঞ্জাবি, আমরা ছেড়ে কথা বলব না।’

এই বক্তব্য গণমাধ্যমে প্রকাশ হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ (এফআইআর) দায়ের করেছে কৃষক, শ্রমিক, কল্যাণ পরিষদ নামে এক সংগঠন। সেই অভিযোগের ভিত্তিতে দিসপুর থানায় মমতার বিরুদ্ধে মামলাও রজু করেছে অসম পুলিশ। 

তবে, তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, “ভয় দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চুপ করিয়ে রাখা যাবে না। বাঙালিদের ওপর আঘাত এলে, বাঙালিরাই তো প্রতিবাদ করবে।”

তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়

৩১ ডিসেম্বর মধ্যরাতে বিজেপিশাসিত অসমে বহুল আলোচিত ‘জাতীয় নাগরিক পঞ্জি’র (এনআরসি) প্রথম দফার খসড়া প্রকাশ হয়। এতে ১ কোটি ৯০ লাখ নাগরিকের নাম স্থান পেলেও এখনো ১ কোটি ৩৯ লাখ নাগরিকের নাম ওঠা বাকি রয়েছে। রাজ্যের ৩ কোটি ২৯ লাখ মানুষ এনআরসিতে নাম নথিভুক্ত করার আবেদন জানিয়েছিলেন। 

নাগরিকপঞ্জি নিয়ে বৃহস্পতিবার উত্তাল ছিল ভারতের সংসদ। মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে সংসদ চত্বরে অবস্থিত গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল এমপিরা অসমে নাগরিকত্ব ইস্যুতে বিক্ষোভ প্রদর্শন করেন। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, নাগরিকপঞ্জির প্রথম খসড়ায় নাম না থাকলে, পরে নাম তোলার সুযোগ পাওয়া যাবে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৫