পশ্চিমবঙ্গে ‘গেরুয়া শিবির’ সম্পর্কে সতর্ক করলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী
https://parstoday.ir/bn/news/india-i52123-পশ্চিমবঙ্গে_গেরুয়া_শিবির’_সম্পর্কে_সতর্ক_করলেন_সিদ্দিকুল্লাহ_চৌধুরী
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার গোপালনগরের ‘সাতবেড়িয়া জানিপুর তাহেরিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা’য় শান্তি ও সম্প্রীতির বার্তা দিলেন রাজ্যের গ্রন্থাগার ও জনশিক্ষা প্রসার দফতরের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী।  
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ২৮, ২০১৮ ২০:১১ Asia/Dhaka
  • মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী
    মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার গোপালনগরের ‘সাতবেড়িয়া জানিপুর তাহেরিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা’য় শান্তি ও সম্প্রীতির বার্তা দিলেন রাজ্যের গ্রন্থাগার ও জনশিক্ষা প্রসার দফতরের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী।  

আজ (রোববার) বিকেলে মাদ্রাসার বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে এক জনসমাবেশে ভাষণ দেয়ার সময় তিনি বলেন, ‘মানুষের স্বাধীনভাবে ধর্মাচরণ করার অধিকার ভারতীয় সংবিধানে সুরক্ষিত রয়েছে। ভারতীয় নাগরিকরা ভারতের সংবিধানের প্রতি দায়বদ্ধ।’

তিনি গেরুয়া শিবিরের বিভিন্ন তৎপরতা সম্পর্কে সকলকে সতর্ক থাকতে এবং মানুষে মানুষে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ব অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ বলে দিয়েছেন পশ্চিমবঙ্গে কোনোভাবে দাঙ্গা হতে দেবেন না। যে বা যারা দাঙ্গা করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর পুলিশি পদক্ষেপ নেয়া হবে।’   

মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী অসমে গেরুয়া শিবিরের তৎপরতা সম্পর্কে সবাইকে অবহিত করে বাড়ির জমির দলিল, খাজনা, রেকর্ডসহ সমস্ত গুরুত্বপূর্ণ নথি যত্ন সহকারে রক্ষা করার পরামর্শ দেন। তিনি বলেন, ‘অসমের গেরুয়াশিবির ওখানকার নাগরিকদের নাস্তানাবুদ করে দিচ্ছে। বাংলায় ওরা সুযোগ পাচ্ছে না সুযোগ্য মুখ্যমন্ত্রী ক্ষমতায় থাকার জন্য।’    

তিনি বলেন, উত্তর ২৪ পরগণা জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কেউ যেন দেশের ক্ষতি করতে না পারে সেজন্য সকলকে বিশেষ সতর্ক থাকতে হবে এবং পুলিশকে সহযোগিতা করতে হবে।

মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী গোটা রাজ্যে বেসরকারি দ্বীনি মাদ্রাসার মাধ্যমে যে শিক্ষা প্রদান করা হচ্ছে তার বিস্তারিত তথ্য তুলে ধরে এই শিক্ষাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি সাধারণ শিক্ষা গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।#   

পার্সটুডে/এমএএইচ/এআর/২৮