মালদহে অনশনরত চাকরি প্রার্থীদের দ্রুত নিয়োগের দাবিতে স্মারকলিপি
https://parstoday.ir/bn/news/india-i54129-মালদহে_অনশনরত_চাকরি_প্রার্থীদের_দ্রুত_নিয়োগের_দাবিতে_স্মারকলিপি
ভারতের পশ্চিমবঙ্গের মালদহে প্রাথমিক শিক্ষকপদে চাকরি প্রার্থীদের সমর্থনে রাজভবনে স্মারকলিপি দিল 'ফ্র্যাটারনিটি মুভমেন্ট অব ইন্ডিয়া'র পশ্চিমবঙ্গ শাখা।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ০৮, ২০১৮ ১৭:৪২ Asia/Dhaka
  • আরাফাত আলীসহ ফ্র্যাটারনিটি মুভমেন্ট অব ইন্ডিয়া\'র পশ্চিমবঙ্গ শাখার নেতারা
    আরাফাত আলীসহ ফ্র্যাটারনিটি মুভমেন্ট অব ইন্ডিয়া\'র পশ্চিমবঙ্গ শাখার নেতারা

ভারতের পশ্চিমবঙ্গের মালদহে প্রাথমিক শিক্ষকপদে চাকরি প্রার্থীদের সমর্থনে রাজভবনে স্মারকলিপি দিল 'ফ্র্যাটারনিটি মুভমেন্ট অব ইন্ডিয়া'র পশ্চিমবঙ্গ শাখা।

সংগঠনটির রাজ্য সম্পাদক জুলফিকার আলী আজ (বৃহস্পতিবার) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, অনশনরত চাকরি প্রার্থীদের সমর্থনে গভর্নরের হস্তক্ষেপসহ অবিলম্বে ২০০৯/২০১০ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগর প্যানেল প্রকাশ করে নিয়োগ সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে উচ্চ আদালতের নির্দেশ অবমাননা করা চলবে না। অনশনকারীদের সঙ্গে প্রশাসন ও প্রাথমিক বিদ্যালয় সংসদকে আলোচনায় বসে সমাধান করতে হবে। এসবের পাশাপাশি অনশনকারীদের স্বাস্থ্য সুরক্ষার যাবতীয় ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।

এ ব্যাপারে রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন ফ্র্যাটারনিটি মুভমেন্টের রাজ্য সভাপতি আরাফাত আলী। তিনি এ ব্যাপারে গভর্নরের হস্তক্ষেপের মাধ্যমে সফল চাকরিপ্রার্থীদের সমস্যা নিরসনের দাবি জানিয়েছেন।  

ফ্র্যাটারনিটি মুভমেন্ট অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক আবু জাফর মোল্লা আজ সন্ধ্যায় রেডিও তেহরানকে বলেন, ‘২০০৯/২০১০ সালে মালদহে যারা প্রাথমিক শিক্ষক পদে পরীক্ষা দিয়ে সফল হয়েছিলেন তারা এতদিনেও নিয়োগ না পাওয়ায় তারা প্রায় ২০ দিন ধরে অনশন করছেন। তাদেরকে অহেতুক ঝুলিয়ে রাখা হয়েছে। এদের চাকরিতে দ্রুত নিয়োগের দাবিতে আমরা আজ ফ্র্যাটারনিটি মুভমেন্ট অব ইন্ডিয়া পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে রাজভবনে গভর্নরের দফতরে স্মারকলিপি দিয়েছি।’     

রাজভবনে স্মারকলিপি প্রদান কর্মসূচিতে ফ্র্যাটারনিটি মুভমেন্টের রাজ্য সভাপতি আরাফাত আলী, সংগঠনের সর্বভারতীয় সহ-সভাপতি রোহিনা খাতুন, পশ্চিমবঙ্গের সহ-সভাপতি মন্টুরাম হালদার, রাজ্য সম্পাদক আবু তাহের আনসারি উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৮