অহংকার ভুলে কৃষকদের দাবি মেনে নিন: মোদি সরকারের প্রতি রাহুল
https://parstoday.ir/bn/news/india-i54311-অহংকার_ভুলে_কৃষকদের_দাবি_মেনে_নিন_মোদি_সরকারের_প্রতি_রাহুল
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী বলেছেন, সরকার নিজেদের অহংকার ভুলে গিয়ে কৃষকদের ন্যায্য দাবি মেনে নিক। তিনি আজ (সোমবার) মহারাষ্ট্রের মুম্বাইতে বিভিন্ন দাবিতে কয়েক হাজার কৃষকের মিছিল প্রসঙ্গে ওই মন্তব্য করেন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
মার্চ ১২, ২০১৮ ২০:৪৭ Asia/Dhaka
  • কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী
    কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী বলেছেন, সরকার নিজেদের অহংকার ভুলে গিয়ে কৃষকদের ন্যায্য দাবি মেনে নিক। তিনি আজ (সোমবার) মহারাষ্ট্রের মুম্বাইতে বিভিন্ন দাবিতে কয়েক হাজার কৃষকের মিছিল প্রসঙ্গে ওই মন্তব্য করেন।

রাহুল গান্ধী বলেন, ‘মুম্বাইতে কৃষকদের জনসমুদ্র জনতার শক্তির এক অসাধারণ দৃষ্টান্ত। কংগ্রেস দল কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নির্দয় মনোভাবের বিরুদ্ধে কৃষক ও আদিবাসীদের আন্দোলনের পাশে আছে। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে নিজেদের অহংকার ভুলে তাদের বৈধ দাবি মেনে নেয়া উচিত।’

ভারতের বিজেপিশাসিত মহারাষ্ট্রের মুম্বাইতে আজ কমপক্ষে ৫০ হাজার কৃষক বিভিন্ন দাবিতে মিছিল করে রাজ্য সরকারের কাছ থেকে দাবি আদায়ের চেষ্টা করেন। তাদের উল্লেখযোগ্য দাবির মধ্যে ঋণ মওকুফ, ফসলের ন্যায্য দাম, লাঙল যার-জমি তার, গরিব কৃষক ও খেত-মজুরদের জন্য পেনশন ইত্যাদি।

কৃষকদের মিছিলেরএকাংশ

বিধানসভায় সরকার পক্ষের সঙ্গে কৃষক প্রতিনিধিদের বৈঠকের পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস আগামী ৬ মাসের মধ্যে বিভিন্ন সমস্যা দূর হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন। মহারাষ্ট্রের সেচমন্ত্রী গিরিশ মহাজন বলেন, "কৃষকদের সঙ্গে বৈঠক হয়েছে। তাদের প্রায় ১২/১৩ টি দাবি ছিল, এরমধ্যে আমরা কিছু দাবি মেনে নিয়েছি। সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে। আমার মনে হয় এতে কৃষকরা খুশি হবেন।"

রাজ্য সরকার বনভূমি সম্পর্কে ৬ মাসের মধ্যে সিদ্ধান্ত নেয়ার আশ্বাস দিয়েছে। মন্ত্রীদের একটি দল ওই বিষয়টি দেখবেন। 

এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের ‘সাম্য শান্তি সম্প্রীতি মঞ্চ’-এর সভাপতি সুকৃতিরঞ্জন বিশ্বাস আজ (সোমবার) রেডিও তেহরানকে বলেন, ‘কৃষকদের সমস্যা নিয়ে আমাদের দেশের কোনো সরকার এ পর্যন্ত কেউ গুরুত্ব দিয়ে ভাবে নি। কৃষির সঙ্গে যুক্ত যে মানুষগুলো এরা হলেন হিন্দু নিম্নবর্ণের মানুষ ও মুসলিমরা। কোনো সরকারই তাদের পরিকাঠামো উন্নত করার চেষ্টা করেনি। এজন্য আমরা দেখেছি অন্য দেশের উৎপাদনের তুলনায় আমাদের দেশের উৎপাদন প্রায় অর্ধেক।’

কেন্দ্রীয় সরকার ও বিভিন্ন রাজ্য সরকার কৃষকদের ঋণ মওকুফের কথা বললেও সরকার কথা রাখেনি বলেও সুকৃতি বাবু মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১২