পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তা নিয়ে বামফ্রন্টের প্রশ্ন, মামলা হাইকোর্টে
https://parstoday.ir/bn/news/india-i56406-পশ্চিমবঙ্গে_পঞ্চায়েত_নির্বাচনে_নিরাপত্তা_নিয়ে_বামফ্রন্টের_প্রশ্ন_মামলা_হাইকোর্টে
পশ্চিমবঙ্গে প্রহসনের পঞ্চায়েত নির্বাচন করে গণতন্ত্রের সমাধি রচনা করতে নীলনকশা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় তিনি ওই মন্তব্য করেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ২৭, ২০১৮ ১০:৫৯ Asia/Dhaka
  • বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু
    বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু

পশ্চিমবঙ্গে প্রহসনের পঞ্চায়েত নির্বাচন করে গণতন্ত্রের সমাধি রচনা করতে নীলনকশা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় তিনি ওই মন্তব্য করেন।

রাজ্যে আগামী ১৪ মে এক দফায় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। একদিনে গোটা রাজ্যে নির্বাচন হলে তাতে নিরাপত্তা বিঘ্নিত হবে বলে বিমান বসুর দাবি।

তিনি বলেন, ‘থানা ও পুলিশ ফাঁড়িসহ রাজ্যে মোট ৫৮ হাজার পুলিশ আছে। কিন্তু সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য ৫৮ হাজার তিনশ’র মতো বুথ, কয়েকশ’ সেক্টর অফিস, এলাকার টহলদারি ইত্যাদিতে অনেক বেশি পুলিশ দরকার। তাছাড়া থানায় তালা লাগিয়ে তো পুলিশ সেদিন ডিউটি করতে যাবে না। সেজন্য সহজেই বোঝা যাচ্ছে, প্রহসনের নির্বাচন করিয়ে গণতন্ত্রের সমাধি তৈরির নীলনকশা তৈরি করা হয়েছে।’

কোলকাতা হাইকোর্ট

এদিকে, আদালতের নির্দেশ না মেনে পঞ্চায়েত নির্বাচন করা হচ্ছে অভিযোগ করে আজ (শুক্রবার) কোলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সিপিএম ও পিডিএস। আদালতে আজ উভয়পক্ষ নিরাপত্তাসহ বিভিন্ন ইস্যু তুলে ধরে সাফাই দেন। আগামী (সোমবার) ওই মামলার শুনানি হবে।

আজ (শুক্রবার) পিডিএস নেতা সমীর পুততুন্ডা বলেন, ‘নির্বাচন নিয়ে আদালতের নির্দেশ মানা হয়নি। নির্বাচন কমিশন আমাদের সঙ্গে আলোচনা না করে কেবল সরকারের সঙ্গে আলোচনা করে যেভাবে একতরফাভাবে এক দফার নির্বাচনের দিন ঘোষণা করেছে তাতে নৈরাজ্য সৃষ্টি হবে বলে আমরা মনে করি।’

কংগ্রেস নেতা আব্দুল মান্নান

কংগ্রেসের সিনিয়র নেতা ও বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেন, ‘নির্বাচনের নামে শাসকদল রাজ্যে গৃহযুদ্ধ লাগাবার চেষ্টা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত নিরাপত্তাহীন পঞ্চায়েত নির্বাচনের দৃষ্টান্ত কায়েম করতে চাচ্ছেন।’

পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে সিপিএমের কেন্দ্রীয় নেতা মুহাম্মদ সেলিম বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি গণতন্ত্রের চিতা সাজান তাহলে বিজেপি তার দোসর হয়ে মুখাগ্নি দেয়ার প্রস্তুতি নিচ্ছে। ওরা পরস্পর বিরোধী নয়। একই উদ্দেশ্যে কাজ করছে, শুধু ভূমিকা আলাদা।’

‘পশ্চিমবঙ্গে গণতন্ত্রের যে চিতা সাজানো হচ্ছে, তা মুখ্যমন্ত্রীর নেতৃত্বেই হচ্ছে। আর আমরা এই রাজ্যকে এভাবে মরতে দিতে পারি না।’

গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় রাজ্যে এক দফায় নির্বাচনের ঘোষণা দেয়ার পর থেকে বিরোধীরা নিরাপত্তাসহ বিভিন্ন ইস্যুতে প্রশ্ন তোলায় নির্বাচন নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৭