কাশ্মিরে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, মছিল সেক্টরে ৩ গেরিলা নিহত
https://parstoday.ir/bn/news/india-i58494-কাশ্মিরে_সেনাবাহিনীর_ক্যাম্পে_হামলা_মছিল_সেক্টরে_৩_গেরিলা_নিহত
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের বান্দিপোরা জেলার হাজিনে অজ্ঞাত গেরিলারা সেনাবাহিনীর একটি ক্যাম্পে হামলা চালিয়েছে। গতকাল (মঙ্গলবার) দিবাগত রাত সাড়ে আটটা গেরিলারা রাষ্ট্রীয় রাইফেলসের ক্যাম্পের গেটের সামনে গ্রেনেড হামলা চালায় এবং পরে স্বয়ংক্রিয় রাইফেলের সাহায্যে এলোপাথাড়ি গুলিবর্ষণ করে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ০৬, ২০১৮ ০৮:৩০ Asia/Dhaka
  • কাশ্মিরে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, মছিল সেক্টরে ৩ গেরিলা নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের বান্দিপোরা জেলার হাজিনে অজ্ঞাত গেরিলারা সেনাবাহিনীর একটি ক্যাম্পে হামলা চালিয়েছে। গতকাল (মঙ্গলবার) দিবাগত রাত সাড়ে আটটা গেরিলারা রাষ্ট্রীয় রাইফেলসের ক্যাম্পের গেটের সামনে গ্রেনেড হামলা চালায় এবং পরে স্বয়ংক্রিয় রাইফেলের সাহায্যে এলোপাথাড়ি গুলিবর্ষণ করে।

সেনা জওয়ানদের পক্ষ থেকে দ্রুত গুলিবর্ষণ করে পাল্টা জবাব দেয়া হয়। অন্ধকারের সুযোগে গেরিলারা অবশ্য ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ওই ঘটনায় দু’জন জওয়ান আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, গেরিলারা কমপক্ষে তিন জন ছিল এবং তারা ক্যাম্পটিতে তিন দিক দিয়ে হামলা চালিয়েছে। হামলাকারী গেরিলারা আন্ডার ব্যারেল গ্রেনেড লঞ্চারের (ইউবিজিএল) সাহায্যে একাধিক গ্রেনেড নিক্ষেপ করে।

পুলিশের এক কর্মকর্তা বলেন, এটি আত্মঘাতী হামলা নয় এবং ওই হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।  

অন্যদিকে, লস্কর-ই তাইয়্যেবা গেরিলা গোষ্ঠীর পক্ষ থেকে গণমাধ্যমে দেয়া বিবৃতিতে ওই হামলার দায় স্বীকার করে এটি আত্মঘাতী হামলা ছিল বলে দাবি করা হয়েছে।

সম্প্রতি যেকয়টি হামলা হয়েছে এটিই ছিল সবচেয়ে বড় হামলা। রমজান মাসে গেরিলা হামলা হতে পারে এমন আশঙ্কায় আগে থেকে জওয়ানরা সতর্ক অবস্থায় থাকায় হামলাকারীরা ক্যাম্পের মধ্যে প্রবেশ করতে পারেনি।      

অন্যদিকে, আজ (বুধবার) উত্তর কাশ্মিরের কুপওয়াড়ার মছিল এলাকায় অনুপ্রবেশের চেষ্টা হলে সেনাবাহিনী তা ব্যর্থ করে দিয়েছে। সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া মছিল সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর ৩ সন্ত্রাসী অনুপ্রবেশের চেষ্টা করলে তারা নিহত হয়েছে বলে জানিয়েছেন। গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। 

এদিকে, গত ২৬ মে তঙ্গধার সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর যে পাঁচ গেরিলা নিহত হয়েছিল তাদের মধ্যে স্থানীয় দু’জন গেরিলা হওয়ায় সংশ্লিষ্ট পরিবারের দাবির ভিত্তিতে গতকাল ওই দু’জনের লাশ হস্তান্তর করা হয়। মুদাসসির আহমদ ভাট ও সিরাজ আহমদ শেখ নামে ওই দুই গেরিলারা লাশ আজ (বুধবার) কয়েক হাজার মানুষের উপস্থিতিতে একাধিকবার জানাজা শেষে দাফন করা হয়। এসময় উপস্থিত জনতা স্বাধীনতাকামী ও সরকার বিরোধী স্লোগান দেয়।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৬