জম্মু-কাশ্মিরে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, সেনাবাহিনীর গুলিতে নিহত ৬
https://parstoday.ir/bn/news/india-i58700-জম্মু_কাশ্মিরে_অনুপ্রবেশের_চেষ্টা_ব্যর্থ_সেনাবাহিনীর_গুলিতে_নিহত_৬
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের কুপওয়াড়া জেলার কেরন সেক্টরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ছয় গেরিলা নিহত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া ওই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ১০, ২০১৮ ০৯:১৬ Asia/Dhaka
  • জম্মু-কাশ্মিরে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, সেনাবাহিনীর গুলিতে নিহত ৬

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের কুপওয়াড়া জেলার কেরন সেক্টরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ছয় গেরিলা নিহত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া ওই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

আজ (রোববার) সকালে কেরন সেক্টরে অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করলে গেরিলারা সেনাবাহিনীর উপরে গুলিবর্ষণ করে। সেনাবাহিনীর পাল্টা গুলিতে ওই গেরিলারা নিহত হয়। ওই ঘটনার পরে নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালাচ্ছে।

গত এক সপ্তাহের মধ্যে কেরন সেক্টর দিয়ে এই নিয়ে তৃতীয়বার বড়সড় অনুপ্রবেশের চেষ্টা হল। সম্প্রতি কেরন সেক্টর দিয়ে গেরিলাদের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করার সময় নিরাপত্তা বাহিনীর দুই জওয়ান মারাত্মকভাবে আহত হয়। পরে এদের মধ্যে এক জওয়ান চিকিৎসা চলাকালীন মারা যায়।

অন্যদিকে, গতকাল (শনিবার) সন্ধ্যায় উত্তর কাশ্মিরের বান্দিপোরা জেলায় পানার বনভূমি এলাকায় সন্দেহভাজন অজ্ঞাত গেরিলারা নিরাপত্তা বাহিনীকে টার্গেট করে গুলিবর্ষণ করে। এক কর্মকর্তা বলেন, ১৪ রাষ্ট্রীয় রাইফেলসের সদস্যদের উপরে সন্দেহভাজন সন্ত্রাসীরা গুলিবর্ষণ করলেও ওই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

শ্রীনগরভিত্তিক সামরিক মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেন, ওই ঘটনার তদন্ত চলছে এবং এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

রমজান মাস উপলক্ষে কেন্দ্রীয় সরকার কাশ্মিরে সামরিক অভিযান বন্ধ রাখার ঘোষণা দিলেও সম্প্রতি কাশ্মির উপত্যকায় গেরিলা হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। গেরিলারা মাত্র কয়েক দিনের মধ্যে ভিন্ন ভিন্ন জায়গায় পুলিশ ফাঁড়ি ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে দুই ডজনেরও বেশিবার গ্রেনেড হামলা চালিয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১০