জম্মু-কাশ্মিরে গেরিলা হামলায় ২ পুলিশ নিহত, ১০ সিআরপিএফ আহত
https://parstoday.ir/bn/news/india-i58826-জম্মু_কাশ্মিরে_গেরিলা_হামলায়_২_পুলিশ_নিহত_১০_সিআরপিএফ_আহত
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে দু’টি আলাদা গেরিলা হামলায় দুই পুলিশ সদস্য নিহত ও আধাসামরিক বাহিনী সিআরপিএফের ১০ জওয়ান আহত হয়েছেন।  
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ১২, ২০১৮ ০৮:২৬ Asia/Dhaka
  • জম্মু-কাশ্মিরে গেরিলা হামলায় ২ পুলিশ নিহত, ১০ সিআরপিএফ আহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে দু’টি আলাদা গেরিলা হামলায় দুই পুলিশ সদস্য নিহত ও আধাসামরিক বাহিনী সিআরপিএফের ১০ জওয়ান আহত হয়েছেন।  

 পুলিশের এক মুখপাত্র জানান, আজ (মঙ্গলবার) সকালে দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামাতে কোর্ট চত্বরে মোতায়েন পুলিশ সদস্যদের লক্ষ্য করে গেরিলারা হামলা চালায়। এসময় পুলিশের পক্ষ থেকে পাল্টা গুলিবর্ষণ করে জবাব দেয়া হয়। পাল্টাপাল্টি গুলিবর্ষণের মধ্যে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই দু’জন পুলিশ সদস্য নিহত হন ও এক পুলিশ সদস্য আহত হন। হামলাকারীরা ক্ষতিগ্রস্তদের সার্ভিস রাইফেল নিয়ে পালিয়ে গেছে। আহত পুলিশ কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলওয়ামার সিনিয়র পুলিশ সুপার মুহাম্মদ আসলাম চৌধুরী পুলিশ সদসদের হতাহতের খবর নিশ্চিত করেছেন।  

সিআরপিএফ জওয়ান

অন্যদিকে, আজ ভোর তিনটা নাগাদ অজ্ঞাত গেরিলারা অনন্তনাগে সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য করে গ্রেনেড হামলা করলে ১০ জওয়ান আহত হয়েছেন। ওই ঘটনার পরে হামলাকারীদের সন্ধানে গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী তল্লাশি চালাচ্ছে।   

গতকাল (সোমবার) সন্ধ্যাতেও দক্ষিণ কাশ্মিরের অনন্তনাগে সন্দেহভাজন অজ্ঞাত গেরিলারা গ্রেনেড নিক্ষেপ করলে পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন। পিন্টু শর্মা নামে আহত ওই কনস্টেবলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।   

কেন্দ্রীয় সরকার রমজান মাসে সেনা অভিযান বন্ধ রাখার ঘোষণা দিলেও গেরিলারা ভিন্ন ভিন্ন এলাকায় আচমকা গুলিবর্ষণ করছে ও গ্রেনেড হামলা চালাচ্ছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১২