পাকিস্তানের হামলায় ভারতের ৪ বিএসএফ নিহত, প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/india-i58878-পাকিস্তানের_হামলায়_ভারতের_৪_বিএসএফ_নিহত_প্রতিক্রিয়া
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিবর্ষণে কর্মকর্তাসহ বিএসএফের চার জওয়ান নিহত ও অপর তিনজন আহত হয়েছেন। আজ (বুধবার) সকালে জম্মু-কাশ্মিরের সাম্বা সেক্টরের চাম্বলিয়াল পোস্ট লক্ষ্য করে পাকবাহিনী গুলিবর্ষণ করলে এক সহকারী কমান্ডান্টসহ চার জওয়ান নিহত হন। আহতদের জম্মুর এক সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী পাল্টা গুলিবর্ষণ করে পাক বাহিনীকে জবাব দিয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ১৩, ২০১৮ ০৮:৩৯ Asia/Dhaka

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিবর্ষণে কর্মকর্তাসহ বিএসএফের চার জওয়ান নিহত ও অপর তিনজন আহত হয়েছেন। আজ (বুধবার) সকালে জম্মু-কাশ্মিরের সাম্বা সেক্টরের চাম্বলিয়াল পোস্ট লক্ষ্য করে পাকবাহিনী গুলিবর্ষণ করলে এক সহকারী কমান্ডান্টসহ চার জওয়ান নিহত হন। আহতদের জম্মুর এক সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী পাল্টা গুলিবর্ষণ করে পাক বাহিনীকে জবাব দিয়েছে।

গতকাল (মঙ্গলবার) দিবাগত গভীর রাত থেকে পাকিস্তান সেনাবাহিনী আন্তর্জাতিক সীমান্তে গুলিবর্ষণ করলে ওই হতাহতের ঘটনা ঘটে। নিহত সেনা সদস্যরা হলেন অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট জিতেন্দ্র সিং, সহকারী পরিদর্শক রজনীশ, উপ সহকারী পরিদর্শক রামনিবাস এবং কনস্টেবল হংসরাজ।

জমু-কাশ্মির পুলিশের ডিজি এসপি বৈদ ওই ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।  

'মোদির প্রতিশ্রুতি প্রতিনিয়ত লঙ্ঘিত হচ্ছে'

এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের ‘নহাটা যোগেন্দ্রনাথ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়’-এর ভারপ্রাপ্ত প্রিন্সিপ্যাল ড. শেখ কামালুদ্দীন আজ (বুধবার) রেডিও তেহরানকে বলেন, ‘প্রতিশ্রুতি সম্রাট' ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মসনদে বসার পরে ছাপ্পান্ন ইঞ্চি বুকের পাটা বলে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা প্রতিনিয়ত লঙ্ঘিত হচ্ছে। বিশেষত, সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, একইসঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্বে যারা থাকেন সেই সেনা জওয়ান তারও প্রতিনিয়ত শত্রুপক্ষের দ্বারা অতর্কিত আক্রমণে প্রাণ হারাচ্ছে। 

ড. শেখ কামালুদ্দীন

তিনি বলেন, ‘সীমান্তে যারা ভারতীয় নাগরিকদের জন্য প্রহরারত তাদের জীবনও অতিষ্ঠ হয়ে উঠেছে। অথচ তিনি নিজে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছেন। এভাবে চলতে থাকলে তার ফাঁকা আওয়াজ ও ভুয়ো প্রতিশ্রুতির ভণ্ডামি সাধারণ  মানুষের মধ্যে স্পষ্ট হবে। এরইমধ্যে তার ভুয়ো প্রতিশ্রুতি মানুষের কাছে কিছুটা ধরা পড়েছে। সাধারণ মানুষ প্রতিনিয়ত তার ফাঁকা প্রতিশ্রুতিতে অতিষ্ঠ হয়ে উঠেছে এবং তারা তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে। আসন্ন নির্বাচনে সাধারণ মানুষ তাদের ক্ষোভ ব্যালট বাক্সে উগরে দিতে পারেন।’

গত এক মাস ধরে পাকিস্তানের পক্ষ থেকে আন্তর্জাতিক সীমান্তে গোলাগুলির ঘটনা বৃদ্ধি পেয়েছে। এসব ঘটনায় বিএসএফের তিন কর্মকর্তাসহ ছয় নিরাপত্তা কর্মী নিহত ও ১০ জন আহত হয়েছেন।  

গত ২৯ মে ভারত ও পাকিস্তানের ডিজিএমও’র মধ্যে ২০০৩ সালের যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার জন্য সিদ্ধান্ত হয়। বিশেষ হটলাইনে ভারতের ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান ও পাকিস্তানের মেজর জেনারেল সাহির সামসাদ মির্জার মধ্যে আলোচনায় যুদ্ধবিরতি চুক্তি সম্পূর্ণ মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করা হয়। কিন্তু তা সত্ত্বেও পাক বাহিনী যুদ্ধবিরতি ভেঙে গুলিবর্ষণ করায় ভারতীয় সীমান্তরক্ষি বাহিনীর সদস্যদের হতাহতের ঘটনা ঘটছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৩