কাশ্মিরে সর্বাত্মক বনধ পালিত: মালিক গ্রেফতার, ওমর গৃহবন্দি
https://parstoday.ir/bn/news/india-i59504-কাশ্মিরে_সর্বাত্মক_বনধ_পালিত_মালিক_গ্রেফতার_ওমর_গৃহবন্দি
কাশ্মির উপত্যকায় একনাগাড়ে বেসামরিক মানুষজন নিহত হওয়ার প্রতিবাদে বনধ সর্বাত্মক বনধ পালিত হয়েছে। আজ (সোমবার) যৌথ প্রতিরোধ নেতৃত্বের আহ্বানে ওই বনধ পালিত হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৫, ২০১৮ ১০:৪৮ Asia/Dhaka
  • মীরওয়াইজ ওমর ফারুক ও মুহাম্মদ ইয়াসীন মালিক
    মীরওয়াইজ ওমর ফারুক ও মুহাম্মদ ইয়াসীন মালিক

কাশ্মির উপত্যকায় একনাগাড়ে বেসামরিক মানুষজন নিহত হওয়ার প্রতিবাদে বনধ সর্বাত্মক বনধ পালিত হয়েছে। আজ (সোমবার) যৌথ প্রতিরোধ নেতৃত্বের আহ্বানে ওই বনধ পালিত হয়।

সংগঠনটির পক্ষ থেকে কাশ্মির উপত্যকায় নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে পুনরায় ‘অপারেশন অলআউট’  এবং ঘেরাও ও তল্লাশি অভিযান শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। 

বনধকে কেন্দ্র করে আজ সকালে জেকেএলএফ চেয়ারম্যান মুহাম্মদ ইয়াসীন মালিককে শ্রীনগরের বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে কোঠিবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে, হুররিয়াত কনফারেন্সের একাংশের চেয়ারম্যান মীরওয়াইজ ওমর ফারুককে পুলিশ গৃহবন্দি করেছে। পুলিশের একটি দল আজ সকালে মীরওয়াইজ ওমর ফারুকের বাসভবনে পৌঁছে তাকে গৃহবন্দি করে।

\

আজ বনধকে কেন্দ্র করে শ্রীনগরসহ বিভিন্ন স্পর্শকাতর এলাকায় প্রচুর পরিমাণে পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। শ্রীনগরের পাশপাশি বিভিন্ন জেলা সদরের সমস্ত দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান, গণপরিবহন ব্যবস্থা বন্ধ রয়েছে।

সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে প্রশাসনের পক্ষ থেকে দক্ষিণ কাশ্মিরের ইন্টারনেট পরিসেবা স্থগিত করা হয়েছে। এছাড়া, বারামুল্লা ও বানিহালের মধ্যে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

এদিকে, গতকাল নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত লস্কর-ই তাইয়্যেবা কমান্ডার  শাকুর আহমদ দারের জানাজায় আজ (সোমবার) কয়েক হাজার মানুষ অংশ নেন। একটি বড় ময়দানে মানুষজনের উপচে পড়া ভিড় সামাল দিতে কমপক্ষে ছয় দফায় তার জানাজা অনুষ্ঠিত হয়। এসময় কয়েকজন গেরিলা জানাজায় উপস্থিত হয়ে তাদের নিহত সহযোগীকে গ্যানস্যালুট দিয়ে শেষ বিদায় জানায়।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৫