জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ১ গেরিলা, গ্রেনেড হামলা
-
কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ১ গেরিলা
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের কুপওয়াড়া জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক গেরিলা নিহত হয়েছে। গতকাল (রোববার) রাতভর বন্দুকযুদ্ধ চলার পর আজ (সোমবার) সকালে ওই গেরিলা নিহত হয়। নিহত ব্যক্তি সন্ত্রাসী বলে দাবি করেছে এক পুলিশ কর্মকর্তা।
কুপওয়াড়া জেলার হান্দওয়াড়ার বনভূমি এলাকায় গেরিলাদের উপস্থিতির কথা জানতে পেরে নিরাপত্তা বাহিনী গতকাল (রোববার) গভীর রাতে ওই এলাকায় তল্লাশি অভিযান চালায়। এসময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এদিকে, আজ দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামা জেলার ত্রালে আধাসামরিক বাহিনী সি আর পি এফ ক্যাম্পকে টার্গেট করে গ্রেনেড নিক্ষেপ করে অজ্ঞাত গেরিলারা। যদিও তা লক্ষ্যভ্রষ্ট হয়ে অন্যত্র বিস্ফোরিত হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয় নি। পুলিশ ও সি আর পি এফ বাহিনী যৌথভাবে গোটা এলাকা ঘিরে ফেলে হামলাকারীর সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে।
অন্যদিকে, গতকাল (রোববার) গভীর রাতে বান্দিপোরা জেলার হাজিন এলাকায় দুই গেরিলা একটি বাসায় ঢুকে শাকিলা নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে। গুরুতর আহত অবস্থায় তাকে শ্রীনগরের এক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তিনি মারা যান। নিহত ওই নারীর স্বামী আব্দুল মজিদ দার রাজ্যের সাবেক ক্ষমতাসীন পিডিপি দলের কর্মকর্তা। গেরিলারা আব্দুল মজিদ দারকে অপহরণ করার চেষ্টা করলে তার স্ত্রী বাধা দিলে গেরিলারা তাকে হত্যা করে।#
পার্সটুডে/এমএএইচ/জিএআর/৯