জম্মু-কাশ্মিরের কুপওয়াড়ায় নির্মমভাবে শিশু হত্যা, প্রতিবাদে সর্বাত্মক বনধ
https://parstoday.ir/bn/news/india-i60205-জম্মু_কাশ্মিরের_কুপওয়াড়ায়_নির্মমভাবে_শিশু_হত্যা_প্রতিবাদে_সর্বাত্মক_বনধ
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে ৮ বছর বয়সী এক শিশুকে হত্যার প্রতিবাদে কুপওয়াড়ায় সর্বাত্মক বনধ পালিত হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) কুপওয়াড়ার গুলগাম গ্রামের বাসিন্দা ওমর ফারুক মালিক নামে আট বছর বয়সী শিশুর অর্ধদগ্ধ লাশ উদ্ধার করা হয়। তাকে অজ্ঞাত দুর্বৃত্তরা নির্মমভাবে হত্যা করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২০, ২০১৮ ১৪:৫৯ Asia/Dhaka
  • কাশ্মিরে শিশু হত্যার প্রতিবাদে বনধ পালিত
    কাশ্মিরে শিশু হত্যার প্রতিবাদে বনধ পালিত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে ৮ বছর বয়সী এক শিশুকে হত্যার প্রতিবাদে কুপওয়াড়ায় সর্বাত্মক বনধ পালিত হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) কুপওয়াড়ার গুলগাম গ্রামের বাসিন্দা ওমর ফারুক মালিক নামে আট বছর বয়সী শিশুর অর্ধদগ্ধ লাশ উদ্ধার করা হয়। তাকে অজ্ঞাত দুর্বৃত্তরা নির্মমভাবে হত্যা করেছে।

ওই ঘটনার প্রতিবাদে আজ (শুক্রবার) কুপওয়াড়াতে সর্বাত্মক বনধ পালিত হয়েছে। বনধকে কেন্দ্র করে সমস্ত দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি দফতর এবং সড়কে যান চলাচল বন্ধ ছিল।

আজ বনধ চলাকালীন প্রতিবাদী জনতা ত্রেহগাম, কুপওয়াড়া, ক্রালপোরা, গুলগাম ও বাটেরগাম এলাকায় শিশু হত্যার ঘটনায় বিক্ষোভ দেখান। গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় ওমর ফারুক নামে ওই শিশুর ক্ষতবিক্ষত ও আধপোড়া লাশ উদ্ধার হলে মানুষজন ক্ষোভে ফেটে পড়েন। তিনদিন আগে ওই শিশুটি নিখোঁজ হয়েছিল। পুলিশের এক কর্মকর্তা বলেন, ওই ঘটনায় বিশেষ তদন্ত টিম তৈরি করা হয়েছে। উত্তর কাশ্মির পুলিশের ডিআইজি শিশু হত্যায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার আশ্বাস দিয়ে পুলিশের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানান।

অন্যদিকে, ওই ঘটনাকে কেন্দ্র করে গতরাতে বিক্ষোভকারী মানুষজন গুলাম মহিউদ্দিন নামে এক পুলিশ কনস্টেবলকে বেধড়ক মারধর করে একটি বাড়িতে আটকে রাখে। পরে পুলিশের পদস্থ কর্মকর্তাদের উদ্যোগে ওই কনস্টেবলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে প্রথমে কুপওয়াড়ার জেলা হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য হান্দওয়াড়া হাসপাতালে পাঠানো হয়।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/২০