জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গেরিলাসহ নিহত ২
https://parstoday.ir/bn/news/india-i63751-জম্মু_কাশ্মিরে_নিরাপত্তা_বাহিনীর_সঙ্গে_সংঘর্ষে_গেরিলাসহ_নিহত_২
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গেরিলাসহ দুইজন নিহত ও এক বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। আজ (শুক্রবার) দক্ষিণ কাশ্মিরের অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকার গাদোলে নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ২৪, ২০১৮ ০৭:১৬ Asia/Dhaka
  • জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গেরিলাসহ নিহত ২

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গেরিলাসহ দুইজন নিহত ও এক বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। আজ (শুক্রবার) দক্ষিণ কাশ্মিরের অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকার গাদোলে নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে।

অনন্তনাগ জেলার এসএসপি আলতাফ খান জানিয়েছেন, সংশ্লিষ্ট এলাকায় গেরিলাদের উপস্থিতির কথা জানতে পেরে সেখানে সেনাবাহিনী ও পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের জওয়ানরা যৌথভাবে তল্লাশি অভিযান চালালে গেরিলারা গুলিবর্ষণ শুরু করে। নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলিবর্ষণ করলে উভয়পক্ষের মধ্যে তুমুল বন্দুকযুদ্ধ শুরু হয়। ঘটনাস্থলে তিন গেরিলা লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। এরইমধ্যে এক গেরিলার লাশ উদ্ধার হলেও তার পরিচয় জানা যায়নি।

ওই ঘটনায় ইয়াওয়ার আহমদ নামে এক বেসামরিক ব্যক্তি গুলিবিদ্ধ হলে তাকে অনন্তনাগ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কর্তৃপক্ষ অনন্তনাগ জেলার সংশ্লিষ্ট এলাকায় ইন্টারনেট পরিসেবা বন্ধ করে দিয়েছে।

অন্যদিকে, গতকাল (বৃহস্পতিবার) দিবাগত রাতে বারামুল্লাতে লস্কর-ই-তাইয়্যেবার সন্দেহভাজন গেরিলার আক্রমণে বন দফতরের এক কর্মকর্তা নিহত হয়েছেন। পুলিশের এক মুখপাত্র বলেন, তারিক আহমদ মালিক (৩৮) নামে ওই কর্মকর্তাকে বাসায় ঢুকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। প্রাথমিক তদন্তে প্রকাশ হামলার সঙ্গে লস্কর-ই- তাইয়্যেবার সংশ্লিষ্টতা রয়েছে। পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৪