পাকিস্তানের সঙ্গে সংলাপে বসুন: ভারত সরকারের প্রতি মেহবুবা মুফতি
https://parstoday.ir/bn/news/india-i63778-পাকিস্তানের_সঙ্গে_সংলাপে_বসুন_ভারত_সরকারের_প্রতি_মেহবুবা_মুফতি
ভারতের কেন্দ্রীয় সরকারকে পাকিস্তানের সঙ্গে সংলাপে বাসার আহ্বান জানালেন পিডিপি নেত্রী ও জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। গতকাল (শুক্রবার) তিনি ওই আহ্বান জানান।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ২৫, ২০১৮ ১০:৫৫ Asia/Dhaka
  • মেহবুবা মুফতি
    মেহবুবা মুফতি

ভারতের কেন্দ্রীয় সরকারকে পাকিস্তানের সঙ্গে সংলাপে বাসার আহ্বান জানালেন পিডিপি নেত্রী ও জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। গতকাল (শুক্রবার) তিনি ওই আহ্বান জানান।

মেহবুবা বলেন, সামরিক ব্যক্তিত্ব পারভেজ মুশাররফের সঙ্গে যদি কথা হতে পারে তাহলে জনগণের দ্বারা নির্বাচিত ইমরান খানের সঙ্গে কথা নয় কেন?

তিনি রাজ্যের সমস্যার রাজনৈতিক সমাধান খোঁজার জন্য সাফাই দিয়ে বলেন, ‘বিজেপিকে শুরু থেকেই বলে আসছি যে এই বিষয়ে পাকিস্তানের সঙ্গে আলাপ আলোচনা করা হোক কারণ, এটাই একমাত্র উপায়।’  

মেহবুবা মুফতি বলেন, ‘জম্মু-কাশ্মিরের সমস্যা রাজনৈতিক সুতরাং এখানে গভর্নরের শাসন বা অন্য কোনো শাসন সেটা কোনো ব্যাপার নয়। রাজ্যে সম্পূর্ণভাবে আইন-শৃঙ্খলা বজায় রাখতে হবে। পরিকাঠামো উন্নয়নের আগে কাশ্মিরের জনগণ শান্তি চায়।’

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর কথা উল্লেখ করে মেহবুবা বলেন, ‘উনি নিজের প্রতিশ্রুতি পালন করেছিলেন। তারপর তিনি পাকিস্তানে গিয়েছিলেন। তিনি যুদ্ধবিরতির জন্য পাকিস্তানকে রাজি করিয়েছিলেন যা আট বছর ধরে চলেছিল। উনি তৎকালীন পাকিস্তানি প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ যিনি সৈনিক ছিলেন তাকেও রাজি করিয়েছিলেন।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাম্প্রতিক বিবৃতি প্রসঙ্গে মেহবুবা বলেন, ‘ইমরান খানের বিবৃতিকে স্বাগত জানিয়ে ভারতকে সদর্থক পদক্ষেপ গ্রহণ করা উচিত। কারণ, সংলাপই একমাত্র বিকল্প। যুদ্ধ কোনোভাবেই সমাধান নয়। অন্ধ দেশপ্রেম কোনো বিকল্প নয়।’

প্রসঙ্গত, পাকিস্তানের সাধারণ নির্বাচনে, তেহরিক-ই ইনসাফ বৃহত্তম দল হিসেবে উঠে আসার পরে ভারতের উদ্দেশে সন্ধির বার্তা দিয়ে ইমরান খান বলেছিলেন, কাশ্মিরসহ সমস্ত সমস্যা সমাধানে ভারত যদি এক পা এগোয় আমরা তাহলে দু’পা এগোব।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৫

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন