কাশ্মিরে সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে গেরিলাদের আইইডি বিস্ফোরণ
https://parstoday.ir/bn/news/india-i63855-কাশ্মিরে_সেনাবাহিনীর_গাড়ি_লক্ষ্য_করে_গেরিলাদের_আইইডি_বিস্ফোরণ
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পুলওয়ামা জেলায় অজ্ঞাত গেরিলারা হামলা চালিয়েছে। আজ (মঙ্গলবার) ভোরে লসসিপোরার গারবুগ এলাকায় গেরিলারা ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটিয়ে সেনাবাহিনীর সাঁজোয়া যান উড়িয়ে দেয়ার চেষ্টা করে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ২৮, ২০১৮ ০৭:৪৩ Asia/Dhaka
  • কাশ্মিরে সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে গেরিলাদের আইইডি বিস্ফোরণ

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পুলওয়ামা জেলায় অজ্ঞাত গেরিলারা হামলা চালিয়েছে। আজ (মঙ্গলবার) ভোরে লসসিপোরার গারবুগ এলাকায় গেরিলারা ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটিয়ে সেনাবাহিনীর সাঁজোয়া যান উড়িয়ে দেয়ার চেষ্টা করে।

গেরিলাদের ওই হামলায় সেনাবাহিনীর সাঁজোয়া গাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হলেও ওই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানদের নিয়ে একটি সামরিক যান ওই এলাকা দিয়ে যাওয়ার সময় আইইডি বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পরে নিরাপত্তা বাহিনীকে টার্গেট করে গেরিলারা গুলিবর্ষণ করলে নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলিবর্ষণ করে জবাব দেয়। যদিও হামলাকারী গেরিলারা ঘটনাস্থল থেকে নিরাপদে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলে হামলাকারীদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে।

গেরিলারা সম্প্রতি তাদের কৌশল পরিবর্তন করে সেনাবাহিনী ও নিরাপত্তাবাহিনীর টহলদারি দলের উপরে হামলা চালানো শুরু করেছে। দক্ষিণ কাশ্মিরে গত চার মাসের মধ্যে এ ধরণের হামলা এ নিয়ে দ্বিতীয়বার হল। এর আগে সোপিয়ান জেলায় গত ২৭ মে গেরিলারা আইইডি বিস্ফোরণ ঘটালে সেসময় সেনাবাহিনীর চার জওয়ান আহত হয়েছিলেন।

এদিকে, দক্ষিণ কাশ্মির থেকে গত কয়েকমাসে ১৫ তরুণ সন্ত্রাসের পথ ত্যাগ করে নতুনভাবে জীবনযাপন শুরু করছেন। কাশ্মির পুলিশের আইজি এস পি পাণি গতকাল (সোমবার) ওই তথ্য জানিয়েছেন। ওইসব তরুণদের পরিবারের লোকজন ও তাদের বন্ধুদের সহায়তায় তাদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনা গেছে বলে তিনি জানান। পুলিশের পক্ষ থেকে ওইসব তরুণদের পুনর্বাসনের জন্য চেষ্টা করা হচ্ছে। চলতি বছরে অবশ্য কাশ্মির উপত্যকায় এ পর্যন্ত ১৩১ তরুণ গেরিলাবাহিনীতে শামিল হয়েছেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৮