জম্মু-কাশ্মিরে যৌথবাহিনীর তল্লাশিকালে সংঘর্ষ, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ
https://parstoday.ir/bn/news/india-i64007-জম্মু_কাশ্মিরে_যৌথবাহিনীর_তল্লাশিকালে_সংঘর্ষ_কাঁদানে_গ্যাসের_শেল_নিক্ষেপ
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পুলওয়ামা জেলায় কমপক্ষে এক ডজনেরও বেশি গ্রামে যৌথবাহিনী ঘেরাও ও তল্লাশিকালে প্রতিবাদী জনতার সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে।  
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ০৩, ২০১৮ ১১:১৩ Asia/Dhaka
  • জম্মু-কাশ্মিরে যৌথবাহিনীর তল্লাশিকালে সংঘর্ষ, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পুলওয়ামা জেলায় কমপক্ষে এক ডজনেরও বেশি গ্রামে যৌথবাহিনী ঘেরাও ও তল্লাশিকালে প্রতিবাদী জনতার সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে।  

আজ (সোমবার) ফজরের নামাযের পর সেনাবাহিনীর ৫৫ রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ এবং পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের জওয়ানরা যৌথভাবে বিভিন্ন গ্রাম ঘেরাও করে বাড়ি বাড়ি তল্লাশি অভিযান চালায় এবং এলাকার অধিবাসীদের সম্পর্কে খোঁজখবর নিতে বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে। এসময় তাদের মোবাইল ফোনও খতিয়ে দেখা হয়।

ওই ঘটনায় ক্ষুব্ধ হয়ে প্রতিবাদী তরুণরা সড়কে নেমে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলে উভয়পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। যৌথবাহিনী এসময় কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে মারমুখী জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। সংশ্লিষ্ট এলাকায় প্রচুর পরিমাণে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

পুলওয়ামার সিনিয়র পুলিশ সুপার চন্দন কোহলি ঘেরাও তল্লাশি অভিযানকে 'সন্ত্রাসীদের খোঁজে রুটিন বিষয়' বলে মন্তব্য করেছেন।   

এদিকে, অন্য একটি ঘটনায় বারামুল্লার উড়িতে এক শিশু নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বনিয়ার এলাকায় আজ (সোমবার) সর্বাত্মক বনধ পালিত হয়েছে। আজ স্থানীয় বাসিন্দারা শ্রীনগর-মুজাফফরাবাদ জাতীয় সড়ক অবরোধ করে হত্যায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উপযুক্ত তদন্তের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। মুসকান জান (৯) নামে ওই শিশু গত ২৩ আগস্ট থেকে নিখোঁজ ছিল। গতকাল (রোববার) স্থানীয় বনভূমি এলাকা থেকে তার লাশ উদ্ধার হলে মানুষজন তীব্র ক্ষোভে ফেটে পড়েন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৩