কাশ্মিরে গেরিলাদের গ্রেনেড হামলায় আহত ৪, উরিতে জনতার বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/india-i64029-কাশ্মিরে_গেরিলাদের_গ্রেনেড_হামলায়_আহত_৪_উরিতে_জনতার_বিক্ষোভ
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে অজ্ঞাত গেরিলাদের গ্রেনেড হামলায় আধাসামরিক বাহিনী সিআরপিএফের তিন জওয়ানসহ চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক বেসামরিক ব্যক্তি রয়েছেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ০৪, ২০১৮ ১১:৪০ Asia/Dhaka
  • কাশ্মিরে গেরিলাদের গ্রেনেড হামলায় আহত ৪, উরিতে জনতার বিক্ষোভ

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে অজ্ঞাত গেরিলাদের গ্রেনেড হামলায় আধাসামরিক বাহিনী সিআরপিএফের তিন জওয়ানসহ চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক বেসামরিক ব্যক্তি রয়েছেন।

উত্তর কাশ্মিরের সাংগ্রামা এলাকায় আজ (মঙ্গলবার) সকাল ১১ টা নাগাদ অজ্ঞাত সন্দেহভাজন গেরিলারা সিআরপিএফের টহলদারি বাহিনীকে টার্গেট করে গ্রেনেড নিক্ষেপ করলে ওই আহত হওয়ার ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী পাঠিয়ে হামলাকারীদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

অন্য এক ঘটনায় আজ উরিতে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা শিশু হত্যায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সড়কে নেমে বিক্ষোভ প্রদর্শন করেছেন। মুসকান জান (৯) নামে ওই শিশু গত ২৩ আগস্ট থেকে নিখোঁজ ছিল। গত (রোববার) স্থানীয় বনভূমি এলাকা থেকে তার লাশ উদ্ধার হলে মানুষজন তীব্র ক্ষোভে ফেটে পড়েন। প্রাথমিকভাবে বন্যপশুর আক্রমণে ওই শিশু নিহত হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়। কিন্তু পরবর্তীতে ওই শিশুটিকে হত্যা করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে। পুলিশ অবশ্য শিশুটিকে হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছিল কী না তা নিশ্চিত নয়।

বারামুল্লার উরির ওই ঘটনাকে কেন্দ্র করে বনিয়ার এলাকায় গতকাল (সোমবার) সর্বাত্মক বনধ পালিত হয়। সেখানকার স্থানীয় বাসিন্দারা শ্রীনগর-মুজাফফরাবাদ জাতীয় সড়ক অবরোধ করে হত্যায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উপযুক্ত পদক্ষেপ নেয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। পুলিশ ওই ঘটনায় সংশ্লিষ্ট এলাকা থেকে বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৪