জম্মু-কাশ্মিরে পুলিশের গুলিতে ১ গেরিলা নিহত, বন্ধ ইন্টারনেট
https://parstoday.ir/bn/news/india-i64137-জম্মু_কাশ্মিরে_পুলিশের_গুলিতে_১_গেরিলা_নিহত_বন্ধ_ইন্টারনেট
জম্মু-কাশ্মিরের অনন্তনাগ জেলায় পুলিশ চেকপোস্টে গেরিলা হামলাকে কেন্দ্র করে এক গেরিলা নিহত ও এক পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ (শনিবার) পুলিশের পক্ষ থেকে ওই তথ্য জানানো হয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ০৮, ২০১৮ ১০:২৮ Asia/Dhaka
  • জম্মু-কাশ্মিরে পুলিশের গুলিতে ১ গেরিলা নিহত, বন্ধ ইন্টারনেট

জম্মু-কাশ্মিরের অনন্তনাগ জেলায় পুলিশ চেকপোস্টে গেরিলা হামলাকে কেন্দ্র করে এক গেরিলা নিহত ও এক পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ (শনিবার) পুলিশের পক্ষ থেকে ওই তথ্য জানানো হয়েছে।

নিহত গেরিলাকে কুলগাম জেলার তাতরিপোরা ইয়ারিপোরার বাসিন্দা বিলাল আহমদ ভাট বলে চিহ্নিত করা হয়েছে। তার কাছে থাকা আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এছাড়া পুলিশ দুটি গাড়িও বাজেয়াপ্ত করেছে। গাড়ি দুটি ওই হামলায় ব্যবহৃত হয়েছে বলে পুলিশ মনে করছে। নিহত বিলাল আহমদ মাস তিনেক আগে লস্কর-ই-তাইয়্যেবার সঙ্গে যুক্ত হয়েছিল বলে পুলিশের দাবি।

পুলিশের এক কর্মকর্তা বলেন, শুক্রবার দিবাগত গভীর রাতে আচাবলে পুলিশ চেকপোস্টে হামলা চালায়। নিরাপত্তা বাহিনী ওই হামলাকে ব্যর্থ করে দিয়েছে। পুলিশ পাল্টা গুলিবর্ষণ করলে এক সন্ত্রাসী নিহত হয়েছে। এসময় উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে এক পুলিশ সদস্য আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। পুলিশ এ ব্যাপারে একটি মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে।

ওই ঘটনাকে কেন্দ্র করে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দক্ষিণ কাশ্মিরের অনন্তনাগ ও কুলগামে ইন্টারনেট পরিসেবা স্থগিত করা হয়েছে। এছাড়া বানিহাল-শ্রীনগরের মধ্যে লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। শ্রীনগর-বারামুল্লার মধ্যে অবশ্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে, দক্ষিণ কাশ্মিরের সোপিয়ানে গতকাল (শুক্রবার) সর্বাত্মক বনধ পালিত হয়েছে। ২০১৩ সালের ৭ সেপ্টেম্বর  নিরাপত্তা বাহিনীর গুলিতে তিন বেসামরিক ব্যক্তি ও এক গেরিলা নিহত হন। ওই ঘটনার ৫ম বার্ষিকীতে এদিন সোপিয়ান শহরে বনধ পালিত হয়।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৮