কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২ গেরিলা নিহত, হান্দওয়াড়ায় সর্বাত্মক বনধ
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের বারামুল্লা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই গেরিলা নিহত হয়েছে। আজ (বৃহস্পতিবার) উত্তর কাশ্মিরের সোপোরের আরামপোরা এলাকায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে ওই ঘটনা ঘটে।
সেনাবাহিনীর এক কর্মকর্তা আরামপড়ার তালিয়ান মহল্লা এলাকায় দুই সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছেন। তাদের লাশ উদ্ধারের জন্য তল্লাশি অভিযান চলছে।
সংশ্লিষ্ট এলাকায় গেরিলাদের উপস্থিতির কথা জানতে পেরে আজ সেনাবাহিনী, পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও আধাসামরিক বাহিনী সিআরপিএফ সদস্য সমন্বিত যৌথবাহিনী ওই এলাকায় অভিযান চালায়।
সোপোরের সিনিয়র পুলিশ সুপার জাভেদ ইকবাল বলেন, তল্লাশি চালানো বাহিনীর উপরে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা গ্রেনেড নিক্ষেপ ও গুলিবর্ষণ করলে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়।
ওই ঘটনাকে কেন্দ্র করে আশেপাশের এলাকায় যেকোনো ধরণের বিক্ষোভ মোকাবিলার জন্য ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী পৌঁছেছে।
কর্তৃপক্ষ সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সোপোরে ইন্টারনেট পরিসেবা স্থগিত করেছে।
প্রশাসনের পক্ষ থেকে সোপোর এবং আশেপাশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
রেলের এক কর্মকর্তা বলেন, নিরাপত্তাজনিত কারণে শ্রীনগর ও বারামুল্লার মধ্যে রেল চলাচল স্থগিত রাখা হয়েছে।
অন্যদিকে, আজ উত্তর কাশ্মিরের হান্দওয়াড়া, ল্যানগেট ও সন্নিহিত এলাকায় সর্বাত্মক বনধ পালিত হয়েছে। এনিয়ে একনাগাড়ে তিন দিন সেখানে বনধ পালিত হল। গত মঙ্গলবার নিরপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই গেরিলা নিহত হওয়ার পর থেকে সেখানে সাধারণ মানুষজন বনধ পালন করছেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১৩