বিজয় মালিয়ার দেশত্যাগ ইস্যুতে জেটলির ইস্তফা চাইলেন রাহুল
https://parstoday.ir/bn/news/india-i64256-বিজয়_মালিয়ার_দেশত্যাগ_ইস্যুতে_জেটলির_ইস্তফা_চাইলেন_রাহুল
দেশ ছেড়ে বিদেশে পালিয়ে থাকা ৯ হাজার কোটি টাকার ব্যাংকঋণ খেলাপি বিজয় মালিয়া ইস্যুতে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির ইস্তফা চাইলেন প্রধান বিরোধীদল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
সেপ্টেম্বর ১৩, ২০১৮ ১৮:১৬ Asia/Dhaka
  • কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী
    কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী

দেশ ছেড়ে বিদেশে পালিয়ে থাকা ৯ হাজার কোটি টাকার ব্যাংকঋণ খেলাপি বিজয় মালিয়া ইস্যুতে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির ইস্তফা চাইলেন প্রধান বিরোধীদল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী।

লন্ডন প্রবাসী বিজয় মালিয়া গতকাল (বুধবার) বলেন, দেশ ছাড়ার আগে তিনি অর্থমন্ত্রীর অরুণ জেটলির সঙ্গে দেখা করেছিলেন এবং লন্ডনে যাওয়ার বিষয়টিও তাকে বলেছিলেন।

তিনি বলেন, ‘দেশ ছাড়ার আগে ঋণের বিষয়টি মীমাংসা করতে আমি অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম।’ এরপরেই ওই ইস্যুতে বিরোধীরা সরকারপক্ষকে চেপে ধরেছেন এবং কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী জেটলির ইস্তফা দাবি করেছেন। 

অরুণ জেটলি

কিন্তু অরুণ জেটলি তার সাফাইতে বলেছেন, ‘সংসদ থেকে বেরিয়ে আমার ঘরে যাওয়ার সময় উনি দ্রুত কাছে এসে বলেন, পাওনা মেটাতে একটা প্রস্তাব দিতে চান। আমি জানতাম, উনি আগেও এমন ভাঁওতা দিয়েছেন। তাই ওকে সাফ জানিয়ে দিই, আপনি ব্যাংকের সঙ্গে কথা বলুন। আমার সঙ্গে কথা বলে কোনো লাভ হবে না।’

জেটলি অবশ্য বিজয় মালিয়ার সঙ্গে কোনো আনুষ্ঠানিক বৈঠকের কথা অস্বীকার করেছেন। অন্যদিকে, কংগ্রেসের দাবি, জেটলি মিথ্যে কথা বলছেন, বিজয় মালিয়া দেশ ছাড়ার আগে জেটলির সঙ্গে কমপক্ষে ১৫/২০ মিনিট ধরে কথা বলেছেন।

বিজয় মালিয়ার বিরুদ্ধে ন’হাজার কোটি টাকার ব্যাংকঋণ খেলাপের অভিযোগ রয়েছে।

আজ (বৃহস্পতিবার) নয়াদিল্লিতে ওই ইস্যুতে কংগ্রেসের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, ‘অর্থমন্ত্রী দেশকে জানান, তিনি কী ওই পলাতককে পালাতে দিয়েছিলেন, না এজন্য উপরমহলের (প্রধানমন্ত্রীর) নির্দেশ ছিল?’

তিনি বলেন, ‘বিজয় মালিয়া লন্ডনে যাওয়ার কথা বললেও অর্থমন্ত্রী কেন তা কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই, ইডি অথবা পুলিশকে তা জানাননি? অর্থমন্ত্রীর সঙ্গে যোগসাজশ আছে এজন্য তার ইস্তফা দেয়া উচিত।’

অর্থমন্ত্রী বিজয় মালিয়া

অর্থমন্ত্রী বিজয় মালিয়াকে দেশ ছেড়ে বিদেশে পালাতে দিয়েছেন বলেও রাহুল আজ অভিযোগ করেন। সরকার পক্ষে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছেন, কংগ্রেস অহেতুক বিষয়টি নিয়ে পানিঘোলা করছে। রাহুল গান্ধী লন্ডন থেকে ঘুরে আসার পরেই বিজয় মালিয়া ওই বক্তব্য সামনে আনলেন কেন, সেই প্রশ্নও তুলেছেন রবিশঙ্কর প্রসাদ।

এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের ‘ভাষা ও চেতনা সমিতি’র সম্পাদক ও কোলকাতার প্রেসিডেন্সী কলেজের সাবেক অধ্যাপক ড. ইমানুল হক আজ (বৃহস্পতিবার) রেডিও তেহরানকে বলেন, ‘রাহুল গান্ধীর দাবি অত্যন্ত সঠিক। ভারতের সার্বভৌমত্ব, আর্থিক নিরাপত্তা এবং দেশের জনগণকে বাঁচানোর স্বার্থে অবিলম্বে অরুণ জেটলি শুধু নয়, অরুণ জেটলির যিনি মুরুব্বি সেই নরেন্দ্র মোদিরও পদত্যাগ করা উচিত। যেকথা এতদিন ধরে বিরোধী ও সাধারণ মানুষজন বলে আসছিলেন যে, সম্পূর্ণ বিজেপি সরকারের যোগসাজশে বিজয় মালিয়া, নীরব মোদি, মেহুল চোকসিরা দেশ ছেড়ে বিদেশে পালাতে পেরেছে। সেটা গতকাল বিজয় মালিয়ার কথায় প্রমাণিত হয়েছে।’ #

পার্সটুডে/এমএএইচ/এআর/১৩